বাংলা হান্ট ডেস্ক : জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে (Sumit Roy) ঘিরে এবার আরও জোরালো হচ্ছে বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলার মধ্যেই তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষের দাবি ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বামীর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তিনি যে অভিযোগ সামনে এনেছেন, তা এবার পৌঁছে গেল রাজ্য মানবাধিকার কমিশনের দরজায়।
সুমিত রায় (Sumit Roy) মামলায় রিপোর্ট তলব মানবাঅধিকার কমিশনের
জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছেন সুমিত রায়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া ও সেখান থেকে বেরিয়ে যাওয়া টাকার হিসাব যেমন পরীক্ষা করা হচ্ছে, তেমনই খতিয়ে দেখা হচ্ছে মোবাইল ফোনের যোগাযোগের তথ্যও। তদন্তকারীদের মূল লক্ষ্য, কথিত দুর্নীতির অর্থের উৎস এবং সেই টাকা শেষ পর্যন্ত কাদের হাতে পৌঁছত, তা চিহ্নিত করা। তবে তদন্তের এই পর্বেই পুলিশের ভূমিকা নিয়ে আপত্তি তুলেছেন সুমিতের স্ত্রী।

এর আগে কলকাতা হাইকোর্টে মামলা করে স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুস্মিতা। তাঁর বক্তব্য, সুমিতকে অপরাধী প্রমাণ করার উদ্দেশ্যেই টাকা উদ্ধারের ঘটনাটি সাজানো হয়েছিল। পুলিশি জেরার সময় তাঁর উপর এমন চাপ সৃষ্টি করা হয়, যাতে তিনি বাধ্য হয়ে স্বীকারোক্তি দেন বলেও অভিযোগ। একইসঙ্গে হেফাজতে থাকাকালীন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে সুমিতকে, এমন দাবিও আদালতে জানিয়েছিলেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন : যুবশক্তির টাকা পাওয়ার আগে জেনে নিন এই ১০ নিয়ম, না মানলে বিপদ
এবার উদ্বেগ আরও এক ধাপ বাড়িয়ে স্বামীর জীবনের নিরাপত্তা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন সুস্মিতা। তাঁর দাবি, পুলিশি কাস্টডিতে সুমিতের সঙ্গে এনকাউন্টারের মতো ঘটনা ঘটতে পারে। জেলেও তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ঘুমের জন্য যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সুস্মিতার বক্তব্য সামনে আসার পরই বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে রাজ্য মানবাধিকার কমিশন।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার কাছে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উস্থি ও কালিতলা থানার কাছেও পৃথকভাবে ঘটনার বিবরণ চাওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় সুস্মিতা ঘোষকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।












