ভূ-রাজনৈতিক ধাক্কায় বদলাচ্ছে বিশ্ব অর্থনীতি! ব্রিকস দেশগুলির উদ্দেশ্যে বিশেষ আহ্বান জয়শঙ্করের

Published on:

Published on:

Indian External Affairs Minister S. Jaishankar makes a special appeal to BRICS nations.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে একের পর এক ধাক্কা সামাল দেওয়া নিয়ে ব্রিকস বিজনেসে ফোরামে (BRICS Business Forum 2026) বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jaishankar)। কোথাও ভূরাজনৈতিক সংঘাত, কোথাও যুদ্ধের প্রভাব, আবার কোথাও মহামারি কিংবা জলবায়ু পরিবর্তনের অভিঘাত। এই অনিশ্চয়তার আবহে ব্রিকসের অর্থনীতিকে আরও শক্তিশালী ও সংকট মোকাবিলায় সক্ষম করে তুলতে সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়ানোর উপর জোর দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মতে, আগামী দিনে ব্রিকসের অর্থনৈতিক শক্তি শুধু বাজারের আকার বা বাণিজ্যের পরিমাণের উপর নির্ভর করবে না, বরং বিশ্বব্যাপী সঙ্কটের ধাক্কা সামলে কতটা দ্রুত ঘুরে দাঁড়ানো যায়, তার উপরও নির্ভর করবে।

ব্রিকস দেশগুলির উদ্দেশ্যে বিশেষ আহ্বান ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের (S. Jaishankar):

ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস বিজনেস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির কথা তুলে ধরেন জয়শঙ্কর (S. Jaishankar)। তাঁর কথায়, ভূরাজনৈতিক সংঘাত, মহামারি এবং জলবায়ু সংক্রান্ত ঘটনাগুলি খুব দ্রুত বিশ্ব অর্থনীতির চেহারা বদলে দিচ্ছে। ফলে অনিশ্চয়তা, অস্থিরতা এবং জটিলতা এখন আন্তর্জাতিক অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ব্রিকসের সামনে শুধু ব্যবসার নতুন সুযোগ খোঁজাই লক্ষ্য হওয়া উচিত নয়। সদস্য দেশগুলির মধ্যে সীমান্তপারের ব্যবসা যাতে আরও সহজ, নির্ভরযোগ্য এবং ভবিষ্যতের ধাক্কা সামলাতে সক্ষম হয়, সেই পরিকাঠামো ও পরিবেশ তৈরিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: ব্রিকসের মেনুতে বড় চমক! ভারতের অতিথিদের জন্য ৬ রাজ্যের বিখ্যাত খাবার, বাংলা থেকে কোন পদ?

এই লক্ষ্য পূরণে সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং বাণিজ্যিক প্রক্রিয়া সহজ করার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে এসেছে পরিষেবা ক্ষেত্র, কৃষি ও কৃষি-প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্টআপ এবং মহিলাদের নেতৃত্বাধীন ব্যবসার প্রসারের বিষয়ও। কারণ, আন্তর্জাতিক বাণিজ্যের পরিসর বাড়াতে গেলে শুধু বড় সংস্থার উপর নির্ভর করলে চলবে না। অর্থনীতির বিভিন্ন স্তরের ব্যবসাকে একে অপরের সঙ্গে যুক্ত করে নতুন সুযোগ তৈরি করতে হবে। তবেই ব্রিকসের অভ্যন্তরীণ বাজার আরও গতিশীল হয়ে উঠবে।

জয়শঙ্কর আরও বলেন, ব্রিকসের ব্যবসায়ী মহলের অন্যতম লক্ষ্য হওয়া উচিত সদস্য দেশগুলির সংস্থাগুলিকে নতুন অংশীদার খুঁজে পেতে সাহায্য করা এবং নতুন বাজারে প্রবেশের রাস্তা খুলে দেওয়া। একইসঙ্গে এক দেশের সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে অন্য দেশের ব্যবসাকে যুক্ত করার উদ্যোগও বাড়াতে হবে। ব্রিকসের সদস্য দেশগুলির অর্থনীতি একে অপরের পরিপূরক। সেই সুবিধাকে কাজে লাগিয়ে বাস্তব বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলাই এখন বড় সুযোগ বলে মনে করেন তিনি। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতা যত বাড়বে, ততই বিশ্ব বাজারের অস্থিরতার মধ্যেও সদস্য দেশগুলির ব্যবসাগুলি নিজেদের অবস্থান শক্ত করতে পারবে।

Indian External Affairs Minister S. Jaishankar makes a special appeal to BRICS nations.

আরও পড়ুন: ৫ দিন কর্ম দিবসের দাবিতে ধর্মঘট, টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! গ্রাহকদের ভোগান্তি চরমে

তবে অর্থনৈতিক নিরাপত্তা ও আত্মনির্ভরতার কথা বলতে গিয়ে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন জয়শঙ্কর (S. Jaishankar)। তাঁর বক্তব্য, ব্রিকস দেশগুলির মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এবং নিজেদের সক্ষমতা শক্তিশালী করা অবশ্যই জরুরি। কিন্তু আত্মনির্ভরতার অর্থ বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়। বরং আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে যুক্ত থেকেই নিজেদের ভিত মজবুত করতে হবে। সেই কারণেই পারস্পরিক বাণিজ্য, শক্তিশালী সরবরাহ শৃঙ্খল এবং নতুন বাজারের সন্ধানকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন জয়শঙ্কর। তাঁর এই বক্তব্য ব্রিকসের ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আরও সমন্বিত এবং স্থিতিস্থাপক ব্যবস্থার প্রয়োজনীয়তাকেই সামনে আনল।