বাংলাহান্ট ডেস্ক : গঙ্গায় তলিয়ে যেতে থাকা সারমেয়কে বাঁচিয়ে মানবিকতার নজির গড়লেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। ছট পুজোর পরিদর্শনে বাবুঘাটে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে গিয়ে হঠাৎ তাঁর চোখে পড়ে মাঝ গঙ্গায় তলিয়ে যাচ্ছে একটি কুকুর। কোনোরকমে কুকুরটিকে উদ্ধার করেন তিনি। তাঁর এই কাজে প্রশংসা বিভিন্ন মহলে।
ছটপুজোয় ঘাটে পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)
আজ সোমবার ভোরবেলা থেকেই বিভিন্ন ঘাটে চলছে ছটপুজো। রাজ্য সরকারের তরফে পুজোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ঘাটে ঘাটে পুজো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোনোরকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য রাজ্যের মন্ত্রীরাও বিভিন্ন ঘাটে পরিদর্শন করছিলেন।

ডুবন্ত কুকুরকে দেখতে পেয়েই পদক্ষেপ মন্ত্রীর: এদিন বাবুঘাটে ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হঠাৎ তিনি দেখতে পান মাঝ গঙ্গায় ভাসছে একটি কুকুর। জলের স্রোতে হাবুডুবু খাচ্ছে কুকুরটি। ভেসে থাকার চেষ্টা করেও পারছে না। বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেন মন্ত্রী। উপস্থিত থাকা এনডিআরএফ, ডিএমজিকে নির্দেশ দেন দ্রুত কুকুরটিকে উদ্ধার করার জন্য।
আরও পড়ুন : আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভাতা মঞ্জুর করতে হবে! বড় রায় দিল কলকাতা হাই কোর্ট
এনডিআরএফ নামালেন মন্ত্রী: এনডিআরএফ কর্মীরা দ্রুত তিনটি স্পিড বোট নিয়ে কুকুরটিকে উদ্ধার করেন। কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে কুকুরটিকে উদ্ধার করে রাখা হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন মন্ত্রী (Indranil Khan)। সাদা তোয়ালে দিয়ে তার শরীর ঢেকে গরম দুধও খাওয়ান ইন্দ্রনীল খাঁ।
আরও পড়ুন : বিগ বস থেকে ফিরেই বিয়ের সানাই, ডিসেম্বরেই সাতপাক ঘুরছেন সোনামণি-প্রতীক?
পোষ্য কুকুরটিকে ছট পুজোর জন্য গঙ্গার ঘাটে নিয়ে আসাতেই বিপদ ঘটেছে বলে জানা গিয়েছে। কুকুরটি উদ্ধার হওয়ার পর মন্ত্রী বলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ রয়েছে। দেখলাম ভেসে যাচ্ছে, তবুও শেষ চেষ্টা করছে।এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় কুকুরটিকে বাঁচানো গিয়েছে’।












