বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (FIFA World Cup 2026) অঘটন পর্ব অব্যাহত। এদিন সেই ঘটনার শিকার হলো দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে (Uruguay) এবং হেভিওয়েট বেলজিয়াম (Belgium)। কিছুদিন আগে ইউরো জয়ী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকানোর পর এদিন উরুগুয়ের বিরুদ্ধে পিছিয়ে গিয়েও হার বাঁচালো ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে (Cape Varde)। আর হেভিওয়েট বেলজিয়ামকে রুখে দিলো লাল কার্ড ও যুদ্ধবিধ্বস্ত ইরানের (Iran) গোলরক্ষক আলিরেজা বেইরানভেন্ড (Alireza Beiranvand)।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল কেপ ভার্দে। তাদের হয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল করেন কেভিন পিনা। ২১ মিনিটে তার নেওয়া অসাধারণ ফ্রি কিক উরুগুয়ে গোলরক্ষক মুসালেরাকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল করে এবং করিয়ে উরুগুয়েকে এগিয়ে দেন সেই ম্যাক্সি গোমেজই।
আরও পড়ুন: মেসির রেকর্ড ভাঙলেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল! বিশ্বকাপের মঞ্চে তৈরি হলো নতুন ইতিহাস
দ্বিতীয়ার্ধে উরুগুয়ের ওপর চাপ বাড়ায় কেপ ভার্দে। ফলস্বরূপ ৬১ মিনিটে ডিফেন্সের ভুলে দূরপাল্লার শটে উরুগুয়ের গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান হেলিও ভারেলা। তারপর আর চেষ্টা করেও গোল পায়নি উরুগুয়ে। আর এই ফলাফলের পর গ্রূপ এইচ এখন পুরোপুরি ওপেন। শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ড্র করলেও নক-আউটে পৌঁছনোর সুযোগ থাকছে কেপ ভার্দের সামনে। উরুগুয়ের কাজটা কিছুটা কঠিন। পরপর দুই ম্যাচ ড্রয়ের পর শেষ ম্যাচে স্পেনকে হারাতে না পারলে গ্রূপের শীর্ষস্থান নিশ্চিত হবে না। হেরে গেলে বিদায় নিতে হতে পারে গ্রূপ পর্ব থেকেই।
অপরদিকে গোটা ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখে মোট ২৩ টি শট নিয়েও গোলমুখ খুলতে ব্যর্থ হয় বেলজিয়াম। এই নিয়ে টানা দুই ম্যাচে মিশর ও ইরানের বিরুদ্ধে ড্র করে নিজেদের ওপর চাপ বাড়ালেন রোমেলু লুকাকুরা। ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে ১০ জন হওয়ার পরেও মরিয়া চেষ্টা করেছিল বেলজিয়াম। কিন্তু ইরানের রক্ষণ দুর্গ ভাঙেনি।
আরও পড়ুন: বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড
এর বেশ কিছুটা কৃতিত্ব অবশ্যই ইরান গোলরক্ষক আলিরেজা বেইরানভেন্ডকে দিতে হবে। এদিন ম্যাচে তিনি মোট ৭টি গুরুত্বপূর্ণ সেভ করেন। ম্যাচের সেরা পুরস্কারও তার হাতেই উঠে। শেষ ম্যাচে মিশরকে আটকালে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার সুযোগ তাদের সামনেও খোলা থাকছে। বেলজিয়ামকে নিজেদের শেষ ম্যাচ খেলতে হবে অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে গ্রূপ শীর্ষে থেকে নক-আউট পৌঁছনোর সুযোগ এখনও রয়েছে তাদের সামনে।













