বাংলা হান্ট ডেস্ক : পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে দীর্ঘ পথ পেরোনোর ঝক্কি আর নয়। পরিকল্পনা বাস্তবায়িত হলে এবার আকাশপথেই দেখা যাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য। অন্যদিকে, বাঁকুড়ার মুকুটমণিপুরে জলাধারের উপর দিয়ে রোপওয়েতে চড়ে পর্যটকেরা উপভোগ করতে পারবেন নীল জলরাশির সৌন্দর্য। জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে বড় পরিবর্তন (Jangalmahal Ropeway) আনার সম্ভাবনা তৈরি হয়েছে এই দুই প্রকল্পকে ঘিরে।
অযোধ্যা পাহাড় ও মুকুটমণিপুর জলাধরের ওপর রোপওয়ে (Jangalmahal Ropeway)
প্রায় এক দশক আগে অযোধ্যা পাহাড় ও মুকুটমণিপুরে রোপওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০১৬ সালের দিকে তৎকালীন পর্যটনমন্ত্রী গৌতম দেবের আমলে দুটি প্রকল্পের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দের কথাও ঘোষণা করা হয়। সেই সময় পর্যটন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন এই বরাদ্দের কথা জানিয়েছিলেন। কিন্তু নানা কারণে পরিকল্পনা বাস্তবের মুখ দেখেনি।

এবার সেই উদ্যোগ ফের গতি পেয়েছে। রাজ্য পর্যটন দফতরের নিযুক্ত রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিসেস বা RITES-এর তিন সদস্যের বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই দু’টি জায়গা ঘুরে প্রয়োজনীয় সমীক্ষা চালিয়েছে। তাদের তৈরি বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা DPR জমা পড়েছে দফতরে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষও জানিয়েছেন, জঙ্গলমহলে রোপওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।
আরও পড়ুন : ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হবে লোকসভার আসন! ডিসেম্বরেই কি পাশ হবে নতুন বিল?
প্রস্তাবিত নকশা অনুযায়ী, অযোধ্যা পাহাড়ে শিরকাবাদ থেকে মার্বেল লেক পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ জুড়ে রোপওয়ে তৈরির পরিকল্পনা করা হয়েছে। মুকুটমণিপুরে পরেশনাথ মন্দির থেকে জলাধারের উপর দিয়ে গোপালপুর পর্যন্ত সংযোগ গড়ে তোলার প্রস্তাব রয়েছে। প্রকল্প দুটির সম্ভাব্য খরচ, নির্মাণের সময়সীমা, যাত্রী পরিবহণের ক্ষমতা, যাত্রার সময়, জমির প্রয়োজনীয়তা এবং রোপওয়ের টাওয়ার কোথায় বসবে—সবই খতিয়ে দেখা হয়েছে DPR-এ। পাশাপাশি মাটির ভারবহন ক্ষমতা, ঝড়, বজ্রপাত, আকস্মিক বন্যা এবং জরুরি পরিস্থিতিতে যাত্রী উদ্ধারের ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।
তবে রিপোর্ট জমা পড়লেও নির্মাণকাজ শুরুর জন্য এখনও চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। সেই ছাড়পত্র মিললেই পরবর্তী পদক্ষেপ করা সম্ভব হবে। এই প্রকল্প ঘিরে মুকুটমণিপুরের ব্যবসায়ীদের প্রত্যাশাও বাড়ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে সেখানে প্রায় তিন লক্ষ পর্যটকের সমাগম হয়েছিল। পরের অর্থবর্ষে পর্যটকের সংখ্যা প্রায় ২০ শতাংশ কমে যাওয়ায় স্থানীয় পর্যটন ব্যবসায় প্রভাব পড়েছে।
সরকার বদলের পর হোটেল মালিকদের সংগঠন একাধিকবার পর্যটন দফতরের কাছে রোপওয়ে প্রকল্পের বিষয়টি তুলে ধরেছে। অন্যদিকে, অযোধ্যা পাহাড়ে প্রতি বছর পর্যটকদের আনাগোনা বাড়ছে। দীর্ঘদিনের প্রতিশ্রুতি এবার বাস্তবায়িত হলে জঙ্গলমহলের পর্যটনে নতুন দিগন্ত খুলতে পারে। পর্যটকদের আনাগোনা বাড়ার পাশাপাশি স্থানীয় হোটেল, পরিবহণ ও অন্যান্য ব্যবসাতেও তার ইতিবাচক প্রভাব পড়ার আশা রয়েছে।












