বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের (Babun Banerjee) মধ্যে দূরত্ব আগেই বেড়েছে। ভাইফোঁটার আগে তা যেন আরও প্রকট হল। মঙ্গলবার বাবুনের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে ‘দাদা’ বলে সম্বোধন করে পাশে থাকার বার্তা দেন বাবুন। পাশাপাশি দিদি মমতাকেও নিশানা করেন। এবার এই নিয়ে বাবুনকে পাল্টা দিলেন মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
বাবুনকে নিশানা কল্যাণের | (Kalyan Banerjee)
এই বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে না। তবে পরিচিতরা চাইলে তাঁর বাড়ি গিয়ে দেখা করতে পারছেন। এদিন তাঁর বাড়ি থেকে বেরিয়ে বাবুনকে নিশানা করেন কল্যাণ। পাশাপাশি এই বছর যারা মমতার বাড়ি যাননি তাঁদেরকেও ছাড়েননি শ্রীরামপুরের সাংসদ।

বাবুনের মন্তব্য প্রসঙ্গে এদিন কল্যাণ বলেন, “যার যা ইচ্ছা হয় করতে পারে। ভাইদের মায়ের মতো করে মানুষ করেছেন দিদি। আমি এই ভাইদের ছোট থেকে দেখছি। বাবুনদের অনেক কষ্ট করে ষষ্ঠী দা (মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা) ও দিদি মানুষ করেছিলেন।“
আরও পড়ুনঃ নভেম্বর থেকেই শুরু হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন! কী কী ডকুমেন্ট লাগবে জানুন
শ্রীরামপুরের সাংসদ জানান, মমতা মাতৃসম ছিলেন। আজ তাঁর সঙ্গেই যার যেমন সুবিধা তেমন ব্যবহার করছেন। কল্যাণের কথায়, “ওদের অনেক কষ্ট করে মানুষ করেছিলেন মমতাদি। উনি মাতৃসম ছিলেন। তাঁর সঙ্গেই এখন যার যেমন সুবিধা তেমন ব্যবহার করছেন। তবে সবসময় কারোর সময় সমান যায় না। খারাপ সময় যায়, আবার ভালো সময়ও আসে। তবে কোন মানুষ কেমন সেটা সময়ই প্রমাণ করে দেয়।“
এদিকে গতকাল বাবুন স্পষ্ট জানান, তিনি আর মমতার সঙ্গে নেই, বরং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে আছেন। তাঁর কথায়, “মমতাদি আমায় ভাইফোঁটাও দেয় না, রাখিও পরায় না। ওনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।“
এদিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিশেষ ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবুন। চন্দ্রিমা ভট্টাচার্যের থেকে তিনি ফোঁটা নেন। এদিনই মমতার বাড়ি থেকে বেরিয়ে তাঁকে কটাক্ষ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।












