মদ্যপ চালকদের ক্ষেত্রে আর অপেক্ষা নয়! ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

Kerala High Court orders to cancel Driving License in drink and drive case

বাংলা হান্ট ডেস্কঃ মদ্যপ চালকদের ড্রাইভিং লাইসেন্স (Driving License) বাতিল নিয়ে এবার কড়া নির্দেশ দিল হাইকোর্ট (Kerala High Court)। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে চালকের লাইসেন্স বাতিলের জন্য আর ফৌজদারি মামলার রায়ের অপেক্ষা করতে হবে না। এক্ষেত্রে লাইসেন্সিং অথরিটি স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে কেরল হাইকোর্ট।

পরিবহণ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের | (Kerala High Court)

বিচারপতি কৌসর এডাপ্পাগাথের পর্যবেক্ষণ, মোটর ভেহিক্যালস অ্যাক্টের ধারা ১৯(১) অনুসারে স্বাধীনভাবে কোনও ড্রাইভিং লাইসেন্স অযোগ্য বা বাতিল ঘোষণা করতে পারে লাইসেন্সিং অথরিটি। এর জন্য আদালতে চলতে থাকা ফৌজদারি মামলার রায়ের জন্য অপেক্ষা করার কোনও দরকার নেই।

Kerala High Court

রাজ্য পরিবহণ কমিশনারকে হাইকোর্টের নির্দেশ, মোটর ভেহিক্যালস বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মদ্যপ গাড়ি চালকের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিতে হবে। বিশেষত কোনও পথ দুর্ঘটনার প্রাথমিক তদন্তে যদি চালকের মদ্যপানের প্রমাণ পাওয়া যায়, তাহলে দেরি না করে অবিলম্বে তাঁর লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া শুরু করতে হবে।

আরও পড়ুনঃ অষ্টম পে কমিশন চালুর আগে অবসর নিলে কি টাকা পাবেন? পেনশন ও এরিয়ারের নিয়ম জানুন

হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা লাগাতার বাড়ছে। তবে সেই নিরিখে মোটর ভেহিক্যালস অ্যাক্টের প্রয়োগ অত্যন্ত সীমিত। এই কারণে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আইনি প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তি হারাচ্ছে।

মদ্যপান করে গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে খুনের অভিযোগে ধৃত এক ব্যক্তির জামিনের আবেদনের শুনানি ছিল কেরল হাইকোর্টে। সেই সময়ই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাতিল নিয়ে এই নির্দেশ দেয় হাইকোর্ট।

তবে এই মামলার অভিযুক্তের অতীতে কোনও অপরাধের রেকর্ড ছিল না। সেই কারণে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে উচ্চ আদালত। তবে তাঁর ড্রাইভিং লাইসেন্স সংশ্লিষ্ট লাইসেন্স কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরে মাঝেমধ্যেই নানা পথ দুর্ঘটনার ঘটনা ঘটে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের জন্য ফৌজদারি মামলার রায়ের অপেক্ষা করতে হবে না বলে নির্দেশ দিল কেরল হাইকোর্ট। লাইসেন্সিং অথরিটি স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে আদালত।