বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হওয়ার আগে থেকেই পেনশন নিয়ে নানা খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের পেনশন বন্ধ হয়ে যেতে পারে—এমন দাবি করা হচ্ছে। আবার বলা হচ্ছে, ২০২৬ সালের পর যাঁরা অবসর নেবেন, কেবল তাঁরাই পেনশন সংশোধনের সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই এই প্রচারকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে পেনশনভোগীদের মধ্যে। এবার সেই জল্পনায় নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-এর স্টাফ সাইডের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র।
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে জল্পনার অবসান
শিব গোপাল মিশ্রের বক্তব্য অনুযায়ী, অষ্টম বেতন কমিশনের সঙ্গে পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। অর্থাৎ, পেনশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যকে সরকারি সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না।
শনিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে পেনশনভোগীদের উদ্দেশে বার্তা দেন শিব গোপাল মিশ্র। তিনি জানান, বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর নাম ব্যবহার করে এমন বার্তাও ছড়ানো হচ্ছে যে, পুরনো পেনশনভোগীদের পেনশন সংশোধন বন্ধ হয়ে যাবে কিংবা তাঁদের পেনশনই আর থাকবে না।
এই প্রচারকে সরাসরি নাকচ করে তিনি পেনশনভোগীদের আশ্বস্ত করেছেন। তাঁর মতে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বিভিন্ন চ্যানেলকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাঁর হাতে নেই। তাই পেনশনভোগীদের সতর্ক করে তিনি বলেন, কোনও পোস্ট বা ভিডিও দেখে বিশ্বাস না করে ইউনিয়নের অফিসিয়াল হ্যান্ডেল এবং নির্ভরযোগ্য সূত্রের প্রকাশিত তথ্য যাচাই করা উচিত।

আরও পড়ুন :‘সময়ে সময়ে অতি তৎপর হয়ে ওঠে এজেন্সি’! ED-CBI-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কোন মামলায়?
অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের কার্যপরিধি ২০২৫ সালের ২৮ অক্টোবর অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রীসভা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ও পেনশন সংক্রান্ত বিষয়ই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী এই পর্যালোচনার আওতায় আসবেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, পেনশনভোগীদের সোশ্যাল মিডিয়ার গুজব এড়িয়ে কমিশন, কেন্দ্রীয় সরকার এবং কর্মচারী সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণার উপর নজর রাখা উচিত।













