মমতার বাড়ির কালীপুজোয় এবার বদলে গেল ছবিটা! এলেন কারা, অনুপস্থিত কোন কোন নেতা?

Published on:

Published on:

Know who came to Mamata Banerjee's house Kali Puja

বাংলা হান্ট ডেস্ক : ক্ষমতার অলিন্দ থেকে বিরোধী শিবিরে, রাজনীতির এই পরিবর্তন কি ব্যক্তিগত সম্পর্কের সমীকরণেও প্রভাব ফেলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির এবারের কালীপুজো ঘিরে এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে কালীঘাটের বাড়িতে কালীপুজোর আয়োজন করে আসছেন তৃণমূল নেত্রী। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম সেই বাড়িতে অনুষ্ঠিত হল দীপান্বিতা অমাবস্যার পুজো। আয়োজনের জাঁকজমলে কোনও ঘাটতি না থাকলেও অতিথিদের তালিকায় বেশ কিছু পরিচিত নামের অনুপস্থিতি নজর কেড়েছে। আর তা থেকেই নতুন করে চর্চায় উঠে এসেছে মমতার রাজনৈতিক ঘনিষ্ঠদের অবস্থান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির কালীপুজোয় কারা এলেন?

এক বছর আগের ছবিটা ছিল একেবারেই আলাদা। তখন রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন মমতা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে কালীপুজো উপলক্ষে দলের প্রথম সারির নেতা, মন্ত্রী এবং বিনোদন জগতের পরিচিত ব্যক্তিদের আনাগোনা লেগে থাকত। পুজোর আয়োজন সামলানোর পাশাপাশি অতিথিদের সঙ্গে সময় কাটাতেন দলের ঘনিষ্ঠ নেতারাও। এবারে সেই চেনা ভিড় অনেকটাই উধাও। বিশেষ করে টলিউডের পরিচিত মুখদের অনুপস্থিতি চোখে পড়ার মতো।

Know who came to Mamata Banerjee's house Kali Puja

তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন মমতার ব্যক্তিগত পুজোর রীতিতে কোনও প্রভাব ফেলেনি। বরাবরের মতো সাধারণ আটপৌরে শাড়িতেই পুজোর আয়োজনের দায়িত্ব নিজের হাতে সামলাতে দেখা যায় তাঁকে। বিভিন্ন কাজের তদারকিতে ব্যস্ত ছিলেন তিনি। পরিবারের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে নতুন খবর, কবে ঢুকবে অ্যাকাউন্টে?

এবারের অনুষ্ঠানে তৃণমূলের বেশ কয়েকজন পরিচিত মুখ হাজির হয়েছিলেন। সৌগত রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং দোলা সেনকে দেখা যায় মমতার বাড়িতে। তাঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের কর্মী-সমর্থক। কালীপুজোর দিন থেকে পরদিন দধিকর্মা পর্যন্ত রাজ্যের নানা জেলা থেকে দলীয় কর্মীদের কালীঘাটে আসার রীতি রয়েছে। এবারও সেই প্রথা বজায় ছিল। দলের নতুন প্রজন্মের সদস্য এবং সমাজমাধ্যমে সক্রিয় কর্মীরাও নেত্রীর বাড়িতে উপস্থিত হন।

তবে যাঁদের উপস্থিতি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা ছিল, তাঁদেরই দেখা যায়নি এবারের অনুষ্ঠানে। মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন কালীঘাটের বাড়ির পুজোয় নিয়মিত হাজির হতেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে উৎসবের আয়োজন, একসময় তাঁদের দু’জনকেই মমতার ঘনিষ্ঠ বৃত্তে দেখা যেত। কিন্তু এবারের কালীপুজোয় তাঁদের অনুপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তাঁরা অন্য রাজনৈতিক শিবিরে চলে গিয়েছেন বলে যে আলোচনা রয়েছে, সেই প্রেক্ষাপটেই বিষয়টি নিয়ে চর্চা আরও বেড়েছে।

এই পরিস্থিতিতে প্রাক্তন ঘনিষ্ঠদের নিশানা করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কটাক্ষ করে কুণাল বলেন, “গত বছর পর্যন্ত যাঁরা এই জায়গাটা ঘিরে থাকতেন, আলো করে থাকতেন, মমতাদির বাড়ির পুজোতে না এলে যাঁদের দিন শুরু হত না, তাঁরাই নাকি উপোস করে বসে থাকতেন, সেগুলো যে অর্ধেক গদ্দার, বেইমান, তা তো প্রমাণ হয়ে যাচ্ছে। মমতাদির সৌজন্যে, মমতাদির দল, মমতাদির প্রতীক জনপ্রিয়তা ব্যবহার করে কেউ কাউন্সিলর, কেউ বরো চেয়ারম্যান, ডেপুটি মেয়র, কেউ মেয়র, কেউ বিধায়ক, কেউ সাংসদ হয়েছেন। এখন যাঁরা বেইমান, গদ্দার, তাঁরা কোন মুখে আসবেন? দু’দিকে সমস্যা। এক, লজ্জায় দিদির সামনে দাঁড়াবেন কীভাবে? তারপর তাঁদের রাজনৈতিক বাবারা রেগে যাবেন। সেই কারণে তাঁরা আসতে পারছে না। যদিও তাতে কিছু এসে যায় না। খুব সুন্দর করে পুজো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” ধর্মীয় উৎসবের আবহের মধ্যেও তাই এবারের কালীঘাটের আয়োজন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারা এসেছেন, কারা আসেননি, তা নিয়েই তৈরি হয়েছে নতুন সমীকরণের হিসাব।