বাংলা হান্ট ডেস্কঃ পুজো মিটলেই রাজ্যে বাজবে ভোটের দামামা। ইতিমধ্যেই কলকাতায় পুরসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই আবহে শহরের নাগরিকদের বকেয়া সম্পত্তি করে (Property Tax) সুদ ও পেনাল্টি মকুব করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) কর্তৃপক্ষ। সূত্রের খবর, বকেয়া সম্পত্তি কর খাতে আদায় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বকেয়া সম্পত্তি করে সুদ ও পেনাল্টি মকুব | (Kolkata Municipal Corporation)
কলকাতা পুরসভার তরফে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেনটিভ (ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার) স্কিম ২০২৬ আনা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, যাবতীয় সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত মালিকানার সম্পত্তি ও সরকারের আন্ডারটেকিং সম্পত্তিতে বকেয়া করের ক্ষেত্রে সুদ ও পেনাল্টিতে ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
কোনও সম্পত্তিতে ব্যবসা ও বসবাস একসঙ্গে চললে সুদের ক্ষেত্রে ৮০ শতাংশ ও পেনাল্টির ক্ষেত্রে ৯৯ শতাংশ ছাড় পাওয়া যাবে। সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশে ব্যবহৃত সম্পত্তিতে সুদের উপর ৭০ শতাংশ ও পেনাল্টির উপর ৯৯ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এর আগেও নানা সময়ে কলকাতা পুরসভার তরফে ওয়েভার স্কিম এনে বকেয়া সম্পত্তি করের সুদ ও পেনাল্টির একাংশে ছাড় দেওয়া হয়েছে। এতে উৎসাহিত হয়ে অনেক করদাতা বকেয়া কর মিটিয়ে দিতেন। তবে বিধানসভা ভোটের সময় আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর থেকে এই সুবিধা বন্ধ ছিল।
শহরবাসীকে ফের এই সুবিধা দেওয়ার জন্য পুরসভার তরফে আগেই প্রস্তুতি শুরু হয়েছিল। সম্প্রতি নবান্নে সুদ ও জরিমানার পুরোটাতেই ছাড় দেওয়ার প্রস্তাব পাঠানো হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য। ফলে শীঘ্রই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারির ছয় মাসের মধ্যে বকেয়া কর মেটানো হলেই এই ছাড় পাওয়া যাবে। এমনকি এই সময়কালে কিস্তিতে টাকা মেটানোরও সুযোগ মিলবে বলে খবর। পুরসভার এই উদ্যোগের ফলে বহু শহরবাসীর টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।













