বাংলা হান্ট ডেস্কঃ কাজের সময় মোবাইল ব্যবহার এখন খুব সাধারণ হয়ে গিয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি অনেক সময় পুলিশকর্মীদেরও (Police) ডিউটির সময় মুঠোফোনে বুঁদ হয়ে থাকতে দেখা যায়। এবার এই নিয়ে কড়াকড়ি শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
ডিউটির সময় মোবাইল ব্যবহার নিয়ে কড়াকড়ি | (Kolkata Police)
যে কোনও থানার একটি গুরুত্বপূর্ণ অংশ হল সেন্ট্রি। নিরাপত্তার জন্য থানার বাইরে পুলিশকর্মীদের মোতায়েন করে রাখা হয়। থানায় কে আসছেন, কে যাচ্ছেন সব দিকে তাঁদের নজর রাখতে হয়। এক কথায়, থানার নিরাপত্তার দায়িত্ব মূলত এই পুলিশকর্মীদের উপরেই থাকে।
আরও পড়ুনঃ ২৫ লাখের বদলে মিলেছে ২ লাখ! ২১ জুলাইয়ের শহিদদের পরিবারের জন্য এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
তবে অনেক সময় দেখা যায়, সেন্ট্রিতে কর্মরত পুলিশকর্মী মোবাইলে ব্যস্ত। বিশেষত রাতের দিকে এই দৃশ্য বেশি চোখে পড়ে। এবার এই নিয়ে কড়াকড়ি শুরু করল কলকাতা পুলিশ। সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ ডিউটিরত অবস্থায় পুলিশকর্মীদের মোবাইল, হেডফোন ব্যবহার সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন।
সেই নির্দেশিকায় কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, কলকাতা পুলিশের কোনও ইউনিটে সেন্ট্রি ডিউটিতে থাকাকালীন মোবাইল, হেডফোন অথবা ইয়ারফোনের মতো গ্যাজেট ব্যবহার করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়া হবে।
জানা গিয়েছে, সেন্ট্রি ডিউটিতে থাকা পুলিশকর্মীদের রাতের দিকে অথবা সকালে মোবাইল নিয়ে ব্যস্ত না থাকতে বলা হয়েছে। তবে বিশেষ দরকারে তাঁদের মোবাইলে কথা বলতে বাধা নেই বলে জানান পুলিশকর্তারা।

এদিকে লালবাজার সূত্রে জানা গিয়েছে, নাইট ডিউটিতে অনেক সময় দেখা যায়, সেন্ট্রিতে কর্মরত পুলিশকর্মীরা মোবাইলে কথা বলছেন অথবা হেডফোনে গান শুনছেন। এই বিষয়টি বন্ধ করতেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
যদিও এই প্রথম নয়! কর্মরত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে এর আগেও নিষেধাজ্ঞা ছিল। তবে তা সত্ত্বেও অনেক পুলিশকর্মীকে ডিউটিরত অবস্থায় মোবাইলে বুঁদ হয়ে থাকতে দেখা যেত বলে অভিযোগ। এবার সেই ধারায় ইতি টানতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হল।













