বাংলা হান্ট ডেস্ক : আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকায় নাম না থাকলে আর চিন্তার কিছু নেই রাজ্যে চালু হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Mukhyamantri Swastha Bima Yojana)। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালেও এই পরিষেবা পাওয়ার সুযোগ থাকছে।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় (Mukhyamantri Swastha Bima Yojana) কীভাবে আবেদন করবেন ?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় পুরো পরিষেবাটি ক্যাশলেস। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পেও থাকছে স্বাস্থ্য কার্ড। চিকিৎসার পরিধিও যথেষ্ট বড় রাখা হয়েছে। রাজ্যে এই মুহূর্তে ১,২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় রয়েছে।
পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য মিলিয়ে প্রায় ৩৮,৬০০টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়ার কথা জানানো হয়েছে। প্রায় ১,৯৫০ ধরনের রোগের চিকিৎসা এই বিমার আওতায় রাখা হয়েছে। তার মধ্যে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাও রয়েছে। তবে MMSBY-র সুবিধা পেতে কয়েকটি যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। পাশাপাশি কোনও ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা WBHS, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প বা CGHS, ESI কিংবা অন্য কোনও সরকারি মেডিক্যাল ইনস্যুরেন্সের আওতায় থাকেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। যোগ্য পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকতে হবে এবং কেন্দ্রের আয়ুষ্মান ভারত তালিকার বাইরে থাকতে হবে।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পরিবারভিত্তিক হলেও পরিবারের প্রতিটি সদস্যের নামে আলাদা ডিজিটাল কার্ড তৈরি করা হবে। এর জন্য কোনও টাকা দিতে হবে না। পরিবারের সদস্যের সংখ্যার ক্ষেত্রেও কোনও নির্দিষ্ট সীমা রাখা হয়নি। কার্ড তৈরির আগে আধারভিত্তিক পরিচয় যাচাই করা বাধ্যতামূলক। নির্দিষ্ট ক্যাম্প বা পোর্টালের মাধ্যমে যাচাই শেষ করার পর ডিজিটাল কার্ড পাওয়া যাবে।উল্লেখ্য, সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া পৌঁছে দিতে ফের জনকল্যাণ শিবির আয়োজনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

আরও পড়ুন :নিউ মার্কেটের হোটেলে আগুনে ৯ মৃত্যু! অনুমতি নিয়ে প্রশ্ন, কী বললেন অগ্নিমিত্রা পাল?
প্রসঙ্গত, আয়ুষ্মান ভারতের তালিকার বাইরে থাকা সমস্ত পরিবারকে একসঙ্গে এই সুবিধা দেওয়া হবে না। আগে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ও ফিল্ড ভেরিফিকেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আধার-সহ প্রয়োজনীয় তথ্য পরীক্ষা করে দেখা হবে সংশ্লিষ্ট পরিবার প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করছে কি না। যাচাইয়ে যোগ্য প্রমাণিত হলেই তাঁদের MMSBY-র আওতায় এনে কার্ড দেওয়া হবে।













