বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরও একবার অতিমানবিক পারফরম্যান্স করে ভক্তের ভগবান হয়ে উঠলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। মিশরের বিরুদ্ধে (Argentina vs Egypt) ০-২ অবস্থায় পিছিয়ে থেকে গোল করে এবং করিয়ে ৩-২ ফলে আর্জেন্টিনাকে (Argentina) জয় এনে দিলেন এলএমটেন। চলতি বিশ্বকাপে তার নামের পাশে আপাতত ৮ গোল। কিন্তু এদিন আরও একটি বিশ্বরেকর্ড এককভাবে নিজের নামে করে নিলেন মেসি।
চলতি বিশ্বকাপের মঞ্চে একের পর এক গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের নামে করে নিয়েছিলেন মেসি। মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের দিনে প্রথম গোলটি করিয়ে এদিন বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি গোল করানোর অর্থাৎ অ্যাসিস্টের রেকর্ডটিও নিজের নামে করে নিলেন মেসি।

গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপের শেষ ১৬ পর্যায়ের আগে অবধি এই রেকর্ডটি কিংবদন্তি আর্জেন্টাইন তারকা দিয়েগো আর্মান্দো মারাদোনার সাথে যুগ্মভাবে ভাগ করে নিচ্ছিলেন তিনি। কিন্তু এবার থেকে এই রেকর্ডটি এককভাবে থাকবে তার নামের পাশে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল টুর্নামেন্টের প্রায় সব রেকর্ডই এখন নিজের নামে করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন: পারলেন না রোনাল্ডো, ঘুম পাড়ানি ফুটবল খেলে বিদায় পর্তুগালের! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন
এদিন মিশরের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। গোটা ম্যাচের বেশিরভাগ সময় জুড়ে মিশরের ডিফেন্ডারদের নিখুঁত ডিফেন্ডিংয়ের কারণে খুব বেশি সুযোগ পাননি। কিন্তু সময়মতো জ্বলে উঠে ইজিপিসিয়ান অভিশাপের কবল থেকে নিজের দলকে দুর্দান্তভাবে উদ্ধার করেছেন ফুটবলের জাদুকর।
পরের ম্যাচে নামার আগে লিওনেল মেসির এই অতিমানবিক পারফরম্যান্স আর্জেন্টিনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লা আলবিসিলেস্তেরা। বিশ্বের যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভুল করেও নিজেদেরকে শুধরে নিয়ে ম্যাচ জেতা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে তিন বারের বিশ্বজয়ীরা।













