বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। অর্থাৎ, জাতীয় দলের জার্সি গায়ে আর তাঁকে খেলতে দেখা যাবে না। এই আবহেই, এবার মেসির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার স্পেনে (Spain) নিজের সাম্রাজ্য বিস্তার করার কথা ভাবছেন কিংবদন্তি এই ফুটবলার। মূলত, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিডি এলডেন্স কিনতে চলেছেন তিনি।
ভবিষ্যতের পরিকল্পনায় নতুন পদক্ষেপ মেসির (Lionel Messi):
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি সিডি এলডেন্স ক্লাব কেনার ক্ষেত্রে পা বাড়িয়েছেন। বর্তমানে এই ক্লাবটির মালিক হল কলম্বিয়ার বিনিয়োগকারী সংস্থা ‘গ্রুপো টিএইচ সলিউশন্স’। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মেসি ওই সংস্থার কাছ থেকে শেয়ার কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এমতাবস্থায়, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে মেসি সিডি এলডেন্স ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিক হিসাবে বিবেচিত হবেন। এদিকে, ক্লাবের তরফেও এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, মেসির সঙ্গে বর্তমান মালিকদের একটি নীতিগত সমঝোতা সম্পন্ন হয়েছে। যদিও আইনি প্রক্রিয়া এবং চুক্তির বিষয়টি এখনও বাকি রয়েছে বলেও জানা গিয়েছে। ক্লাবটি এটাও জানিয়েছে যে লেনদেন সম্পূর্ণ হওয়ার আগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের অনুমোদনও প্রয়োজন হবে।

জানিয়ে রাখি যে, কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তাঁর দেশের হয়ে একাধিক সাফল্য এনে দিয়েছেন। এমনকি, বিশ্বকাপ জয়ের পাশাপাশি দু’টি কোপা আমেরিকা জেতার নজিরও তাঁর রয়েছে। অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি এবার তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফুটবলের সঙ্গে নিজের সম্পর্ককে অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আর সেই লক্ষ্যেই স্পেনের এই ক্লাব কেনার ক্ষেত্রে আগ্রহী তিনি।
আরও পড়ুন: গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন কুলদীপ যাদব! অবলীলায় ১০ উইকেট নিয়ে গড়লেন নজির
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলডেন্সের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। গত বছর অক্টোবরে টিএইচ সলিউশন্স ক্লাবটির মালিকানা নেওয়ার পর দীর্ঘ অপেক্ষার পরে ক্লাবটি দ্বিতীয় ডিভিশনে উঠে এলেও চলতি মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। ৪ টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত এলডেন্স জয়ের স্বাদ পায়নি। মূলত, দু’টি হার এবং দু’টি ড্র-সহ লিগের একদম নিচের দিকেই রয়েছে এই দল। এমতাবস্থায়, এই ক্লাবকে নিয়ে মেসির ঠিক কী পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে এখনও কোনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: দেরিতে এসেও বাজিমাত Apple-এর প্রথম ফোল্ডিং ফোন iPhone Duo-র! শেষ হবে Samsung-এর দাপট?
কত টাকায় হচ্ছে চুক্তি: জানিয়ে রাখি যে, এর আগেও মেসি স্পেনের দ্বিতীয় ডিভিশনের আর এক ক্লাব ইউই কর্নেলার সঙ্গে যুক্ত হয়েছেন। শুধু তাই নয়, আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতেও তাঁর অংশীদারিত্ব রয়েছে। মূলত, ফুটবল থেকে অবসর নেওয়ার পরে ওই মালিকানার পূর্ণ অধিকার পাওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে, সিডি এলডেন্স ক্লাব কেনার জন্য ঠিক কত টাকায় চুক্তি হচ্ছে সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এছাড়াও, মেসি আনুষ্ঠানিকভাবে কবে থেকে এই ক্লাবের মালিকানা পাবেন সেই বিষয়টিও স্পষ্ট নয়। যদিও, ক্লাবটি জানিয়েছে যে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং অনুমোদন সম্পন্ন হওয়ার পরই পরবর্তী ঘোষণা সামনে আসবে।













