বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যর্থ হয়ে গেল সুইজারল্যান্ডের মরিয়া লড়াই। ১২০ মিনিটের ম্যাচে ৭২ মিনিটে দশ জন পরিণত হওয়া সুইজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে আর্জেন্টিনার (Argentina) জয় এলো ১১৩ মিনিটে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত দূরপাল্লার বাঁক খাওয়ানো শটে। তার আগে বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথমার্ধে মাত্র ১০ মিনিটের মাথায় মেসির (Lionel Messi) পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ডান এন্ডয়ের গোলে সমতা ফিরিয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু তা শেষপর্যন্ত অর্থহীন হয়ে যায়। ম্যাচের একদম অন্তিম লগ্নে ফের গোল করে ৩-১ ফলে দলের জয়ে অবদান রাখেন লাউতারো মার্টিনেজও। এরপর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে লা অ্যালবিসিলেস্তেরা।

এদিন পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে তফাৎ গড়ে দেন জোসে লোপেজ। তিনি মাঠে নামার দু মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। কিন্তু পরপর তিন ম্যাচে তুলনামূলক ৩ অনামি দলের বিরুদ্ধে কষ্ট করে জয় পেতে হয়েছে মেসিদের। গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগে বিষয়টি চিন্তায় রাখবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে।
চলতি টুর্নামেন্টে আজ প্রথমবারের জন্য গোল পেলেন না লিওনেল মেসি। তবে দলের জয়ে এদিনও তিনি অবদান রেখেছেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০ টি অ্যাসিস্টের মালিক হয়েছেন তিনি। তার ফর্ম স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা ভক্তদের।
আরও পড়ুন: থেমে গেল হাল্যান্ডের নরওয়ের স্বপ্নের দৌড়, বেলিংহ্যামের জোড়া গোলে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড
এই নিয়ে শেষ পাঁচ বিশ্বকাপে চারবার সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেন মেসিরা। তাদের সামনে এবার গত তিন বিশ্বকাপ ধরে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করা ইংল্যান্ড। দুর্দান্ত ফর্মে রয়েছেন জুড বেলিংহ্যাম, হ্যারি কেনরা। তাদের বিরুদ্ধে কড়া পরীক্ষার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এক উপভোগ্য ফুটবল ম্যাচের অপেক্ষায় গোটা বিশ্ব।













