বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের একাধিক তৃণমূল নেতার উপর ডিম ছোড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তার মধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে দেখা গেল নতুন পরিবর্তন। বাড়ির উঠোনে বসানো হয়েছে ‘ভিউ কাটার’। সম্প্রতি কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে নতুন ব্যবস্থা
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে আগে কখনও ভিউ কাটার দেখা যায়নি। কিন্তু এখন বাড়ির উঠোনে সেটি বসানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক ঘটনাগুলির পর নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়ে থাকতে পারে। গত সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় ডিম হামলার মুখে পড়েন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক আচমকাই তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। কুণালের দাবি, অল্পের জন্য তাঁর চোখে আঘাত লাগেনি।
ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কুণাল বলেন, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তিনি এই ঘটনাকে অসভ্যতা বলে মন্তব্য করেন। এরপর পুলিশ তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে। তবে ঘটনাকে ঘিরে বিতর্ক থামেনি। কারণ, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের একাধিক নেতাকে লক্ষ্য করে বিক্ষোভ ও ডিম ছোড়ার অভিযোগ সামনে এসেছে। এর আগে সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তও এমন ঘটনার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ।
হামলার কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়াতেও সরব হন কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িকে ঘিরে আগে থেকে কোনও রেইকি বা নজরদারি চালানো হয়েছিল কি না। সেই বিষয়টি তদন্ত করে দেখারও দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ RG Kar মামলায় নতুন মোড়! তড়িঘড়ি দাহের অভিযোগ ঘিরে পানিহাটি শ্মশানে CBI, খোঁজা হচ্ছে কোন তথ্য?
তবে কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনাকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ বলে দেখলে ভুল হবে। তাঁর দাবি, পুরো বিষয়টি পরিকল্পনা করে ঘটানো হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে, তা খুঁজে বের করা দরকার।

















