বাংলা হান্ট ডেস্কঃ বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে পথে নেমেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে মাইক হাতে ভিড় সামলাতে নামতে হয় খোদ মমতাকে। এর মাঝেই আচমকা মেজাজ হারান তিনি। এক ব্যক্তির গালে চড় মারেন তৃণমূল (TMC) নেত্রী। তিনি আবার দলেরই কর্মী বলে খবর।
দলের কর্মীকেই চড় মমতার | (Mamata Banerjee)
বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডের প্রতিবাদে এদিন মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সময় মেনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মিছিলকে কেন্দ্র করে ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি রাস্তার পাশ থেকে ‘মাছ চোর’ গান ভেসে আসতে শুরু করে।
আরও পড়ুনঃ অন্ধকারেও নিখুঁত নিশানা! কোন অফিসারের গুলিতে খতম বারুইপুর কাণ্ডের প্রভাস? চিনে নিন
অভিযোগ, এদিন তৃণমূলের কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। বিজেপির সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে দলীয় কর্মীরা মমতা ও অভিষেকের সঙ্গে দেখা করতে যান। সেই সময় এলাকায় ব্যাপক ভিড় জমে গেলে মাইক হাতে ভিড় নিয়ন্ত্রণ করতে নামেন তৃণমূল নেত্রী।
বহু অসুস্থ তৃণমূল কর্মীকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে মেজাজ হারান তৃণমূল নেত্রী। সাদা-কমলা টি-শার্ট পরা এক ব্যক্তির গালে মমতাকে চড় মারতে দেখা যায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলেরই কর্মী।

এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “ক্ষমতা চলে যাওয়ার পর মমতা মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছেন। এসব আচরণ দুর্ভাগ্যজনক হলেও তিনি এখন ঠিকই করছেন। তাঁর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। বাংলার মানুষ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এটা এখনও মানতে পারছেন না”।
অন্যদিকে আজ কালীঘাট তৃণমূলের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা। তাঁর দাবি, ২০ জন আহত হয়েছেন। ফেসবুক লাইভে এসে এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি।













