বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রবিবার বিশ্বের দরবারে আরও একবার ভারতের নাম উজ্জ্বল করলেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu)। দাপুটে পারফরম্যান্স করে কমনওয়েলথ গেমসে (CWG 2026) রেকর্ড তৈরি করে টানা তৃতীয়বার স্বর্ণপদক জয় করে ভারতের নাম উজ্জ্বল করলেন তিনি। গ্লাসগোতে আয়োজিত এই গেমসে (Commonwealth Games) এটি ছিল ভারতের প্রথম স্বর্ণপদক। এদিন ৪৮ কেজি ভারোত্তোলন (Weightlifting) ক্যাটাগরিতে স্ন্যাচ বিভাগে ৮৫ কেজি, তারপরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৫ কেজি ওজন তুলে মোট ১৯০ কেজি ওজন তুলে ইতিহাস গড়েন তারকা মহিলা ক্রীড়াবিদ। এই সাফল্যের পর ভারতের তারকা ক্রীড়াবিদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
এদিন স্ন্যাচ ইভেন্টে তাঁর প্রথম লিফটের জন্য তিনি ৮২ কেজি ওজন নির্ধারণ করেই বাকিদের পিছনে ফেলে দেন। এই পরিমাণ ওজনটি ছিল কমনওয়েলথ গেমসের রেকর্ড। স্বাভাবিকভাবেই, প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি মহিলা অ্যাথলিটরা তার ঘোষিত ওজনের ধারেকাছে পৌঁছতে পারেননি। স্বর্ণপদক জয়ের পর, স্টেডিয়ামজুড়ে ভারতের জাতীয় সংগীতের সুর বেজে ওঠার মুহূর্তে মীরাবাই চানু নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। চোখে জল নিয়ে তার জাতীয় সঙ্গীত গাওয়ার মুহূর্তটি প্রত্যেক ভারতীয় চিরকাল মনে রাখবে।

তবে এদিন নিজের প্রথম সিচেষ্টায় সফল হননি মীরাবাঈ। কিন্তু প্রথমবার ব্যর্থ হওয়ার পরেও তিনি আত্মবিশ্বাস হারাননি। দ্বিতীয়বার তিনি অতি সহজেই এই লিফটটি সম্পূর্ণ করেন এবং করতালিতে তাকে স্বাগত জানায় উপস্থিত দর্শকরা। এই লিফটটি সম্পূর্ণ করার পরেই তৈরি হয় ইতিহাস। এরপর ‘ক্লিন অ্যান্ড জার্ক’ ইভেন্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বার তিনি গেমস রেকর্ড গড়ে ১০৫ কেজি ওজন সফলভাবে উত্তোলন করেন।
আরও পড়ুন: মরশুমের প্রথম ম্যাচ হেরেও খুশি ইস্টবেঙ্গল কোচ! উল্টোদিকে ডার্বি জিতেও চিন্তা বাড়ছে মোহনবাগান কোচের
এভাবেই মীরাবাই কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের এক অবিশ্বাস্য হ্যাটট্রিক পূর্ণ করলেন। গ্লাসগো কখনোই চানুকে খালি হাতে ফেরায়নি। ২০১৪ সালে তিনি তাঁর প্রথম কমনওয়েলথ গেমস পদকটি এখানেই জিতেছিলেন। তবে সেইবার তিনি রৌপ্য পদক জয় করেছিলেন। এরপর ২০১৮ সালে গোল্ড কোস্ট ও ২০২২ সালের বার্মিংহাম গেমসে নিজের স্বর্ণপদক জয় করেছিলেন। আজ সেই সোনা জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন তিনি।
১৯৯৪ সালের ৮ই আগস্ট ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল পূর্ব জেলার নংপোক কাকচিং গ্রামে জন্ম নেওয়া মীরাবাই চানু জন্মগ্রহণ করেন। অলিম্পিক ও কমনওয়েলথ গেমসের মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে ধারাবাহিক সাফল্য পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে মীরাবাঈ অন্যতম। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক ছাড়াও টোকিও অলিম্পিকে ভারতের হয়ে রৌপ্যপদক জিতেছেন তিনি।













