বাংলাহান্ট ডেস্ক : একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে টলিউডে। গতকাল গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। আর এবার প্রতারণার অভিযোগ দায়ের হল অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে। টাকা নিয়ে কাজ না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ১ কোটি ৫ লক্ষ টাকার প্রতারণার মামলা দায়ের হয়েছে চারু মার্কেট থানায়।
প্রতারণার অভিযোগ সোহমের (Soham Chakraborty) বিরুদ্ধে
অভিযোগকারীর বক্তব্য, ২০২২ সালে সোহমের সংস্থা তাঁর সংস্থার সঙ্গে যোগাযোগ করে। বলা হয়, সোহমের সংস্থা সিনেমা এবং ওয়েব সিরিজ প্রোডাকশনের সঙ্গে যুক্ত। ওই সংস্থা তখন ‘লাল সুটকেসটা দেখেছেন’ বলে একটি সিনেমা বা সিরিজ করছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সোহমের সংস্থা জানিয়েছিল যথেষ্ট মূলধন না থাকায় সেটা শেষ করা যাচ্ছে না। ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করতে অনুরোধ করা হয়। এমনকি সোহম নিজে তাঁদের সংস্থায় এসে অনুরোধ করেন বলেও জানান অভিযোগকারী।

কী অভিযোগ উঠেছে: ৮০ লক্ষ টাকা দেওয়ার পরেও প্রোজেক্টটি শেষ করা হয়নি বলে অভিযোগ। উপরন্তু আরও ২৫ লক্ষ টাকা চাওয়া হয়। সব মিলিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে সোহমের বিরুদ্ধে।
আরও পড়ুন : টানা ১৬ ঘন্টা ধরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন রাস্তা দিয়ে হবে যান চলাচল?
আগেও দায়ের অভিযোগ: কিছুদিন আগেও বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল সোহমের (Soham Chakraborty) বিরুদ্ধে। এক প্রযোজক অভিযোগ এনেছিলেন তাঁর বিরুদ্ধে। একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য আগাম ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও শুটিংয়ে না আসার অভিযোগ ছিল সোহমের বিরুদ্ধে।
আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে তাড়াহুড়োয় ভুল তথ্য! আটকে যেতে পারে ৩০০০ টাকা?
প্রযোজক আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাওয়া হলে উলটে তাঁকে হুমকি দেন সোহম। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিনেতা। তবে এবার আরও বিপাকে পড়লেন সোহম।













