৮৪ লক্ষ আবেদনকারীর জন্য বড় পদক্ষেপ! যুবসাথী প্রকল্পে বড় উদ্যোগ নবান্নের

Published on:

Published on:

Nabanna launch special Helpdesk Number for Yuvasathi Scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে যুবসাথী প্রকল্প (Yuvasathi Scheme) চালু করার প্রস্তুতি জোরকদমে চলছে। লক্ষ লক্ষ আবেদন জমা পড়ার পর এবার আবেদনকারীদের প্রশ্ন ও অভিযোগের দ্রুত সমাধানের জন্য বিশেষ হেল্পডেস্ক চালু করল নবান্ন। ভোটের আগে প্রকল্প কার্যকর করা নিয়ে জল্পনার মাঝেই এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।

বাংলার যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) জন্য বিশেষ হেল্পডেস্ক চালু

‘বাংলার যুবসাথী’ প্রকল্প (Yuvasathi Scheme) বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয়েছে। তাতে জানানো হয়েছে, যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের অধীনে একটি বিশেষ হেল্পডেস্ক কাজ করবে। প্রকল্পের সার্বিক তদারকি, পর্যবেক্ষণ এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যেই এই উদ্যোগ।

প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে (Yuvasathi Scheme)। এর মধ্যে ব্লকভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন করেছেন প্রায় ৬৫ লক্ষ যুবক-যুবতী। আর অনলাইন পোর্টালের মাধ্যমে জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ আবেদন। এত বিপুল সংখ্যক আবেদনকারীর বিভিন্ন প্রশ্নের জবাব দিতেই চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন।

নির্দেশিকায় উল্লেখ রয়েছে, ৬২৯২২৪৮৮৮৮ নম্বরটি হেল্পডেস্কের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এই নম্বরে ফোন করার পাশাপাশি হোয়াট্‌‌সঅ্যাপেও যোগাযোগ করা যাবে। আবেদনকারীরা তাঁদের আবেদনের অগ্রগতি সম্পর্কেও জানতে পারবেন এই নম্বরের মাধ্যমে। হেল্পডেস্ক প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলেও স্পষ্ট করা হয়েছে।

এ ছাড়াও, প্রকল্প (Yuvasathi Scheme) সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডি ব্যবহার করতে বলা হয়েছে। নবান্নের নির্দেশিকায় সেই ইমেল ঠিকানাও উল্লেখ করা হয়েছে। প্রশাসনের মতে, এতে যোগাযোগে স্বচ্ছতা বজায় থাকবে এবং তথ্য সংরক্ষণ ও যাচাই সহজ হবে। এই নির্দেশিকার অনুলিপি পাঠানো হয়েছে আদিবাসী উন্নয়ন দফতরের প্রধান সচিব, জিটিএ-র প্রধান সচিব, সমস্ত জেলার জেলাশাসক, কলকাতা পুরসভার কমিশনার, জেলা যুব আধিকারিক এবং যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের সংশ্লিষ্ট শাখাগুলিতে।

চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্প (Yuvasathi Scheme) চালুর ঘোষণা করেছিলেন। প্রথমে জানানো হয়েছিল, ১৫ অগস্ট থেকে প্রকল্প কার্যকর হবে। পরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ এপ্রিল থেকেই প্রকল্প চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন থেকে রাজ্য জুড়ে ব্লকভিত্তিক শিবিরে ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়।

প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা টানা পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

If there is a mistake in the Yuvasathi project application, know the easy way to correct it.

আরও পড়ুনঃ ২০২৬ এ হোক ‘রক্তহীন’ বিধানসভা ভোট, কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা, শুনবেন চিফ জাস্টিস

তবে প্রশাসনের একাংশের মতে, নির্ধারিত সময়ে টাকা দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ মার্চের প্রথম সপ্তাহের পর যে কোনও দিন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে আদর্শ আচরণবিধি কার্যকর হবে, তখন নতুন করে আর্থিক সুবিধা চালু করা যায় না। সে ক্ষেত্রে ভোটের ফল ঘোষণার পরই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। এই পরিস্থিতিতে হেল্পডেস্ক চালুর ফলে আবেদনকারীরা অন্তত তাঁদের আবেদনের অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এমনটাই আশা।