মোদী-মেলোনির মেলোডি পোস্টে শেয়ার বাজারে ঝড়! ‘ভুলে’ অন্য পার্লের স্টকে রকেটের গতি

Published on:

Published on:

Parle Industries stocks surge in share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বুধবার তথা ২০ মে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নেটমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ওই পোস্টের প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও (Share Market) পরিলক্ষিত হয়েছে। মূলত, ওই পোস্টটি ছিল ভারতের জনপ্রিয় ক্যান্ডি ‘মেলোডি’ সম্পর্কিত। যার প্রভাব সরাসরি শেয়ার বাজারে লিস্টেড পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকের ওপর পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে ক্রয় হঠাৎ বেড়ে যাওয়ায় এই কোম্পানিটির স্টক ৫ শতাংশের আপার সার্কিটে পৌঁছে যায়।

পার্লে ইন্ডাস্ট্রিজের স্টকে (Share Market) বিপুল বৃদ্ধি:

জর্জিয়া মেলোনির পোস্ট: মূলত, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে বিখ্যাত মেলোডি চকোলেট উপহার দিয়েছিলেন। ওই পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং পার্লে নামটি দেখার পর বাজারের অনেক বিনিয়োগকারী পার্লে ইন্ডাস্ট্রিজের স্টক কিনতে শুরু করেন। এর ফলে স্টকটির দামে আকস্মিক বৃদ্ধি দেখা যায় এবং স্টকের ভলিউম ৭ লক্ষ ছাড়িয়ে যায়।

আপার সার্কিটে পৌঁছেছে অন্য পার্লে: মজার বিষয় হল, যে কোম্পানি মেলোডি চকোলেট তৈরি করে, তার সঙ্গে স্টক এক্সচেঞ্জে লিস্টেড পার্লে ইন্ডাস্ট্রিজের কোনও সম্পর্ক নেই। মেলোডি আসলে দেশের অন্যতম জনপ্রিয় FMCG কোম্পানি পার্লে প্রোডাক্টস দ্বারা তৈরি হয়। এই কোম্পানিটি পার্লে-জি, মোনাকো, হাইড অ্যান্ড সিক এবং ম্যাঙ্গো বাইটের মতো জনপ্রিয় ব্র্যান্ডও তৈরি করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পার্লে প্রোডাক্টস একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং এটি স্টক এক্সচেঞ্জে লিস্টেড নেই।

আরও পড়ুন: ভারতীয় সেনা পাবে স্মার্ট মাইন হান্টার! ডুয়েল টেকনোলজি ডিটেক্টর কেনার জন্য বড় টেন্ডার

পার্লে ইন্ডাস্ট্রিজের ভিন্ন ব্যবসা আছে: অন্যদিকে, পার্লে ইন্ডাস্ট্রিজ সম্পূর্ণ ভিন্ন একটি ব্যবসা পরিচালনা করে। এটি ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। এছাড়াও, এটি পেপার, পেপার ওয়েস্ট এবং রিসাইক্লিং সংক্রান্ত ব্যবসায়ও সক্রিয়। এর মানে হল, FMCG বা ক্যান্ডি উৎপাদনের সঙ্গে এই কোম্পানিটির কোনও সম্পর্ক নেই। তবে, এই একই রকম নাম বিনিয়োগকারীদের মধ্যে অবশ্যই বিভ্রান্তি সৃষ্টি করেছে। বাজারে প্রায়শই দেখা যায় যে, কোনও জনপ্রিয় ব্র্যান্ড, সংবাদ বা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডের সঙ্গে নামের মিল থাকা কোম্পানিগুলির শেয়ারের দামে হঠাৎ ওঠানামা দেখা যায়।

আরও পড়ুন: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দিলেন মোদী! মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

স্টকটির পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ২০ মে, অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারে নেতিবাচক প্রভাব ছিল। তবে, সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল পোস্টের পর স্টকটির দাম ৫ শতাংশ বেড়ে যায় এবং এটি আপার সার্কিটে বন্ধ হয়। রিটার্নের দিক থেকে, গত এক মাসে স্টকটির প্রায় ১ শতাংশ লোকসান হয়েছে। গত ৩ মাসে এটি ৪১ শতাংশ কমেছে। গত এক বছরে স্টকটির দাম ৬৮ শতাংশ কমেছে। এদিকে, স্টকটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ১৭.৪৪ টাকা এবং সর্বনিম্ন দর ৪.১১ টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ ২৪ কোটি টাকা। এই স্টকটির ফেস ভ্যালু ১০ টাকা। এছাড়াও, এর ডেট টু ইক্যুইটি হল ০.০২।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।