বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস শুরু হতে আর কয়েকদিন বাকি। নতুন মাসের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হবে সাধারণ মানুষকে। বিশেষ করে পেনশনভোগীদের (Pension) জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বিষয়টি খুবই জরুরি। পাশাপাশি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা, রান্নার গ্যাসের দাম, আইডিবিআই ব্যাঙ্কের মালিকানা বদল এবং সোনার গয়না কেনার ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। তাই নভেম্বর মাসে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, তা জেনে রাখা দরকার।
Pension : ১ নভেম্বর থেকে কোন কোন বিষয়ে নজর রাখবেন?
১. পেনশন চালু রাখতে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট : সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর যাঁরা পেনশন (Pension) পান, তাঁদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। চলতি বছরেও কেন্দ্র ও রাজ্য সরকারি পেনশনভোগীদের ৩০ নভেম্বরের মধ্যে এই সার্টিফিকেট জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা না দিলে ডিসেম্বর মাস থেকে পেনশন পেতে সমস্যা হতে পারে।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে গিয়ে আবেদন করা যায়। আধার ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতেও এই কাজ করা সম্ভব। এছাড়া ডাক বিভাগের বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়ার ব্যবস্থার মাধ্যমেও সার্টিফিকেট জমা দেওয়া যায়। ৮০ বছরের বেশি বয়সি পেনশনভোগীদের জন্য এই প্রক্রিয়া ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে।
২. আয়কর রিটার্ন জমার সময় বাড়ল : ২০২৬-২৭ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যেসব করদাতার আয়কর রিটার্ন জমা দিতে অডিটের প্রয়োজন হয়, তাঁদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ২১ নভেম্বর করেছে। ব্যবসা, পেশা বা সংস্থার অডিটের নিয়মের আওতায় থাকা করদাতাদের এই নতুন সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিতে হবে।
৩. বাড়তে পারে রান্নার গ্যাসের দাম : প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে দেশের তেল বিপণন সংস্থাগুলি। বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দামের সঙ্গে তুলনা করেই এই দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেশি। সেই কারণে নভেম্বরের শুরুতে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৪. আইডিবিআই ব্যাঙ্ক বিক্রি হলে গ্রাহকদের কী হবে?
আইডিবিআই ব্যাঙ্কের মালিকানা বদল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্সের কাছে ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাবে গত ১৪ অক্টোবর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। তবে এই চুক্তি সম্পূর্ণ করতে এখনও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অনুমোদন প্রয়োজন।
ব্যাঙ্কের মালিকানা বদল হলেও আপাতত গ্রাহকদের পরিষেবায় কোনও পরিবর্তনের কথা জানানো হয়নি। অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট (FD), রেকারিং ডিপোজিট (RD), ঋণ এবং ডিবিটি (DBT) পরিষেবা আগের মতোই চলবে বলে জানানো হয়েছে।
৫. সোনার গয়না কেনার আগে দেখে নিন HUID কোড : দীপাবলি ও ধনতেরাসের সময় অনেকেই সোনার গয়না কেনেন। তবে গয়না কেনার সময় শুধু হলমার্ক দেখলেই হবে না, তার সঙ্গে HUID কোডও যাচাই করা জরুরি। এই কোডে ছয়টি অক্ষর ও সংখ্যা থাকে। BIS Care অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে কোডটি পরীক্ষা করে গয়নার বিশুদ্ধতা সম্পর্কে তথ্য জানা যায়। এতে সোনার গয়না কেনার সময় প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব।

আরও পড়ুনঃ বকেয়া DA-র রিপোর্টে ব্রাত্য রাজ্যের গ্রান্ট ইন এইড কর্মীরা, এবার কী পদক্ষেপ সংগঠনগুলির?
সব মিলিয়ে বলা যায়, নভেম্বর মাসে পেনশনভোগীদের জন্য সবচেয়ে জরুরি কাজ হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া। ৩০ নভেম্বরের মধ্যে এই সার্টিফিকেট জমা না দিলে ডিসেম্বর মাস থেকে পেনশন (Pension) পেতে সমস্যা হতে পারে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সময়ের মধ্যেই এই কাজ সেরে রাখা ভালো।














