অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন করবেন? অবশ্যই জানুন এগুলি

Published on:

Published on:

Planning to apply for the Annapurna Yojana? Make sure to know these details
Follow

বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নাম তুলতে চাইলে, শুধু আবেদন করার তাড়াহুড়ো করলেই হবে না। কারণ ফর্ম জমা দেওয়ার আগে যোগ্যতার শর্ত থেকে প্রয়োজনীয় নথি—সবকিছু ঠিকঠাক জেনে নেওয়া দরকার। এই প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি সেবা সেতু অভিযান ক্যাম্পেও নির্দিষ্ট ক্ষেত্রে আবেদন করা যাচ্ছে। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্যাম্প। তবে আবেদন করলেই যে নিশ্চিতভাবে ৩ হাজার টাকা পাওয়া যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। যাচাইয়ের পরেই চূড়ান্তভাবে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হবে।

অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নতুন আবেদনের জন্য কী করতে হবে ?

অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। ২৫ বছর থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে বয়সের শর্ত পূরণ করলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। আবেদনকারী যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরিতে কর্মরত হন, তাহলে তিনি এই সুবিধার জন্য যোগ্য নন। সরকারি চাকরি থেকে পেনশন পেলেও একই নিয়ম প্রযোজ্য।

পাশাপাশি আয়করদাতারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাই ফর্ম পূরণের আগে নিজের ক্ষেত্রে সমস্ত যোগ্যতার শর্ত প্রযোজ্য কি না, তা দেখে নেওয়া জরুরি। আবেদনের সময় নথিপত্রের দিকটিও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভোটার কার্ড এবং ভোটার তালিকায় নাম থাকার তথ্য প্রয়োজন হবে। সঙ্গে রাখতে হবে আধার কার্ড ও মোবাইল নম্বর। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে। তবে যে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে, সেটিতে DBT সংযোগ থাকা বাধ্যতামূলক।

পরিবারের তথ্যের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। শুধু আবেদনকারীর নিজের কাগজপত্র থাকলেই হবে না, হেড অব দ্য ফ্যামিলির প্রয়োজনীয় নথিও সঙ্গে রাখতে হবে। ফলে অনলাইনে আবেদন করার আগে কিংবা ক্যাম্পে যাওয়ার সময় সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে রাখলে পরবর্তী সময়ে সমস্যা কমবে। এবার আসা যাক আবেদন করার পদ্ধতিতে। বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে চাইলে পশ্চিমবঙ্গের Social Registry পোর্টাল ব্যবহার করা যাবে। https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে।

Planning to apply for the Annapurna Yojana? Make sure to know these details.

আরও পড়ুন : রোজ উপকৃত হবেন প্রায় ৮৫ লাখ মহিলা! ফ্রি বাস পরিষেবার পরিধি আরও বাড়াল রাজ্য

অফলাইনে আবেদন করতে চাইলে যেতে পারেন সেবা সেতু অভিযান ক্যাম্পে। সেখানে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর জমা দেওয়া ফর্ম এবং নথি প্রথমে যাচাই করা হবে। আবেদনকারীর তথ্য ও যোগ্যতা নির্ধারিত নিয়মের সঙ্গে মিলে গেলে তবেই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।