বাংলা হান্ট ডেস্ক : দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক ঘিরে বুধবার সকাল থেকেই ছিল রাজনৈতিক ব্যস্ততা। নির্বাচন কমিশন, SIR এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে একাধিক বিষয়ে আলোচনা করতে কনস্টিটিউশন ক্লাবে জড়ো হন বিরোধী শিবিরের নেতারা। তবে বৈঠক শুরুর আগের একটি দৃশ্য নিয়েও তৈরি হয়েছে আলাদা আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গাড়ি কনস্টিটিউশন ক্লাবের চত্বরে ঢোকার সময় গেটের সামনে থাকা রাহুল গান্ধীর আচরণ নিয়েই উঠছে নানা প্রশ্ন।
মমতার (Mamata Banerjee) গাড়ি দেখে কী আচরণ করেন রাহুল গান্ধী ?
ঘটনার সূত্রপাত সকাল ১১টা নাগাদ। কনস্টিটিউশন ক্লাবে পৌঁছে সরাসরি ভিতরে চলে যাননি রাহুল গান্ধী। গাড়ি থেকে নেমে তিনি গেটের কাছেই অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর, ১১টা ৪ মিনিট নাগাদ সেখানে পৌঁছন সনিয়া গান্ধীও। তিনিও রাহুলের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। দুজনে মিলে প্রায় তিন মিনিট সেখানে অপেক্ষা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের জন্য।
এরই মধ্যে বদলে যায় পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গাড়ি কনস্টিটিউশন ক্লাবের ভিতরে ঢুকতেই রাহুল ও সনিয়া গেটের জায়গা ছেড়ে ভিতরের দিকে চলে যান। ১১টা ৭ মিনিট নাগাদ মমতা-অভিষেকের গাড়ি গেটের কাছে এসে থামে। দুজন গাড়ি থেকে নেমে বৈঠকের জায়গার দিকে এগিয়ে যান।
মমতা ও অভিষেক ভিতরে যাওয়ার পর ফের গেটের দিকে বেরিয়ে আসেন রাহুল গান্ধী। সেই সময় মূল মিটিং রুমের বাইরে মমতা ও অভিষেকের সঙ্গে তাঁর মুখোমুখি দেখা হয়। তিন নেতার মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। একে অপরকে নমস্কার করেন রাহুল ও মমতা। এরপর আবার নিজের কাজে ফিরে যান রাহুল। ঠিক তার কিছুক্ষণ পরেই কনস্টিটিউশন ক্লাবে পৌঁছন মল্লিকার্জুন খাড়্গে। ১১টা ১১ মিনিট নাগাদ কংগ্রেস সভাপতি সেখানে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানাতে গেটের বাইরে যান রাহুল গান্ধী। খাড়্গেকে স্বাগত জানিয়ে তাঁকে সঙ্গে করে ভিতরে নিয়ে যান তিনি।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর সময় কংগ্রেসের তরফে গেটের কাছে উপস্থিত ছিলেন কে সি বেণুগোপাল-সহ অন্য নেতারা। তৃণমূলের তরফে তাঁদের স্বাগত জানান দোলা সেন। পুরো ঘটনাক্রম সামনে আসার পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আসতে দেখেই কি রাহুল গেট থেকে সরে গিয়েছিলেন? নাকি একই সময়ে খাড়্গের অপেক্ষা এবং অন্যান্য ব্যবস্থাপনার কারণেই ওই অবস্থান বদল হয়েছিল?

আরও পড়ুন :গাড়িতে আচমকা লরির ধাক্কা! দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ, এখন কেমন আছেন?
উল্লেখ্য, ঘটনাস্থলের কয়েক মিনিটের এই দৃশ্যের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আসেনি। ফলে রাহুল-মমতার ওই মুহূর্তের সাক্ষাৎ ঘিরে জল্পনা চলছে। এদিনের বৈঠক শেষে জোটের তরফে পরবর্তী কর্মসূচির কথাও জানানো হয়েছে। ফলে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বৈঠকের আগে কয়েক মিনিটের এই ঘটনাও এখন আলাদা করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের সকলের।













