বছরের প্রথম দিনে বাংলাদেশের দূতাবাসে পৌঁছলেন রাজনাথ সিং! কী জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বছরের প্রথম দিনে বাংলাদেশ হাই কমিশনে পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে গিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার তিনি হাই কমিশনে গিয়ে প্রয়াত নেত্রীর প্রতিকৃতির সামনে বসে সমবেদনা জানান এবং শোকবার্তা লেখার খাতায় স্বাক্ষর করেন। সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবির সঙ্গে তিনি লেখেন, “কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীকে পেয়ে সম্মানিত অনুভব করছি।”

বাংলাদেশের দূতাবাসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেও তাঁর এক্স হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, খালেদা জিয়ার ছবির সামনে বসে শোকজ্ঞাপন করছেন তিনি, পাশে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। পোস্টে রাজনাথ সিং লেখেন, “আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে গিয়েছিলাম। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের প্রয়াণে তাঁর পরিবার-পরিজন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই।”

আরও পড়ুন: ভারত কিংবা লন্ডনে নয়, পরিবারের সঙ্গে কোথায় নতুন বছর উদযাপন করলেন কোহলি?

গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় দুপুর ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে শেষ হয় ৩টা ৭ মিনিটে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Rajnath Singh arrived at the Bangladesh embassy

আরও পড়ুন: স্মার্টফোন কিনবেন ভাবছেন? নতুন বছরে দ্বিগুণ বাড়তে পারে দর! কারণ কী?

জানাজা শেষে কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার জিয়া উদ্যানে। সেখানে বিকাল সাড়ে ৪টা নাগাদ তাঁর স্বামী, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের সমাধির পাশেই তাঁকে সমাধিস্থ করা হয়। খালেদা জিয়ার প্রয়াণে ভারতসহ বিভিন্ন দেশ থেকে শোকবার্তা এসেছে, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।