৪৫তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভি ঘুগের শপথগ্রহণে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Ravindra V. Ghuge took the oath as Chief Justice of the Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) পেল স্থায়ী প্রধান বিচারপতি। বুধবার সকালে আদালতের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। রাজভবনের আনুষ্ঠানিকতার পর কলকাতা হাই কোর্টে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)

নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভার স্পিকার, রাজ্য সরকারের একাধিক মন্ত্রী ও বিধায়কও অনুষ্ঠানে যোগ দেন। বিভিন্ন হাই কোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান কার্যত বিশিষ্টজন সমাগমে পরিণত হয়। উল্লেখ্য, গত বেশ কিছু সময় ধরেই স্থায়ী প্রধান বিচারপতি ছাড়াই চলছিল কলকাতা হাই কোর্টের কাজ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতেই ছিল আদালতের প্রশাসনিক দায়িত্ব। ফলে স্থায়ী নিয়োগের বিষয়টি নিয়ে আইনজীবী মহলেও আলোচনা চলছিল।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত অগস্টে বিচারপতি ঘুগের নাম কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে। কলেজিয়ামের সুপারিশের পর শুরু হয় নিয়োগের পরবর্তী প্রক্রিয়া। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে জানান, সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই নিয়োগে অনুমোদন দিয়েছেন। এরপরই কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে ঘুগের নিয়োগ চূড়ান্ত হয়।

আইনজীবী মহলের একাংশের মতে, দীর্ঘদিনের ভারপ্রাপ্ত ব্যবস্থার পরিবর্তে এবার স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ায় আদালতের প্রশাসনিক কাজ আরও সুসংহত হওয়ার সুযোগ তৈরি হল। বিচারাধীন মামলার পাশাপাশি আদালতের সামগ্রিক পরিচালন ব্যবস্থাতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের আইনজীবী জীবনের শুরু ১৯৯০ সালে। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রায় দুই হাজারের বেশি মামলায় সওয়াল করেছেন। কর্মজীবনের একটা বড় সময় শ্রমিক ইউনিয়নের হয়ে আইনি লড়াই করেছেন তিনি। পরে বিভিন্ন শিল্প সংস্থা এবং বহুজাতিক প্রতিষ্ঠানের হয়েও আদালতে প্রতিনিধিত্ব করেন।

Ravindra V. Ghuge took the oath as Chief Justice of the Calcutta High Court

আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে? এইভাবে করুন সমস্যার সমাধান

শুধু আইনজীবী হিসেবেই নয়, বিচারপতি হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বম্বে হাই কোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সেখানকার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বও সামলেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতা নিয়েই কলকাতা হাই কোর্টের সর্বোচ্চ বিচারিক পদে যোগ দিলেন ঘুগে।