বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI (Reserve Bank of India) লিড ব্যাঙ্ক স্কিমে (Lead Bank Scheme) উল্লেখযোগ্য পরিবর্তন এনে নতুন নির্দেশিকা জারি করেছে। এই পরিবর্তনগুলির মূল লক্ষ্য হল কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, MSME সেক্টর এবং সমাজের আর্থিক দিক থেকে দুর্বল জনগোষ্ঠীর জন্য ঋণ প্রাপ্তির সুযোগ ত্বরান্বিত করা। এর পাশাপাশি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এবং প্রত্যেক নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের ওপরেও জোর দেওয়া হয়েছে। RBI জানিয়েছে যে, এই স্কিমটির একটি ব্যাপক পর্যালোচনার পরেই নতুন নিয়মগুলি প্রণয়ন করা হয়েছে। ড্রাফ গাইডলাইনসের ওপর প্রাপ্ত পরামর্শসমূহ অন্তর্ভুক্ত করার পর চূড়ান্ত নিয়মাবলি জারি করা হয়েছে। এমতাবস্থায়, এই নতুন নিয়মাবলি পূর্বে জারি করা সমস্ত নির্দেশিকাকে প্রতিস্থাপন করবে।
RBI (Reserve Bank of India) জারি করল নতুন নিয়ম:
কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন: RBI-এর মতে, নতুন এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং MSME সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধি করা। এর ফলে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা প্রয়োজনের সময়ে সহজেই ঋণ পেতে সক্ষম হবেন। পাশাপাশি, উন্নয়নের জন্য প্রয়োজনীয় ফান্ড যাতে সঠিক মানুষদের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে সরকার ও ব্যাঙ্কগুলি একসঙ্গে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক মনে করে যে, অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলিতে সময়মতো ঋণ প্রাপ্তি কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

ব্যাঙ্কিং পরিষেবা প্রতিটি গ্রামে পৌঁছবে: জানিয়ে রাখি যে, লিড ব্যাঙ্ক স্কিমের প্রধান উদ্দেশ্য হল জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, রাজ্য সরকার এবং উন্নয়ন বিভাগগুলিকে একত্র করে একসঙ্গে কাজ করানো। নতুন নির্দেশিকা এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এখন, প্রতিটি জেলায় একটি লিড ব্যাঙ্ক বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করবে। এছাড়াও, প্রতিটি লিড ব্যাঙ্ককে একজন লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার তথা LDM নিয়োগ করতে হবে। তিনি শুধুমাত্র এই প্রকল্পের বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন: ‘রোনাল্ডোকে বল পাস করতে আমরা বাধ্য নই’, বিশ্বকাপের মাঝেই সতীর্থের স্পষ্ট প্রতিক্রিয়ায় শুরু হইচই
উল্লেখ্য যে, উন্নততর সমন্বয়ের জন্য RBI একটি ত্রি-স্তরীয় ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে। সেগুলি হল ব্লক-স্তরের ব্যাঙ্কার্স কমিটি, ডিস্ট্রিক্ট কনসাল্টেটিভ কমিটি এবং রাজ্য-স্তরের ব্যাঙ্কার্স কমিটি। এই কমিটিগুলি জেলা ঋণ পরিকল্পনা প্রণয়ন করবে এবং তা পর্যালোচনা করবে ও প্রকল্পটি সম্পর্কিত সমস্যাগুলির সমাধান খুঁজে বের করবে।
RBI জানিয়েছে যে, লিড ব্যাঙ্ক স্কিমটি ১৯৬৯ সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। তখন থেকে এই স্কিমটি গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় ব্যাঙ্ক শাখা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি এবং ঋণ বিতরণ শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নির্দেশিকার লক্ষ্য হল আরও বেশি মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা সহজলভ্য করা। যাতে দেশের প্রত্যেক নাগরিক সহজেই ব্যাঙ্কিং ও অন্যান্য আর্থিক সুবিধার সুফল গ্রহণ করতে পারেন।













