বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী শনিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজ খেলতে নামতে চলেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। এই সিরিজে দুই দলের ক্রিকেটারদের মধ্যে স্পিনের বিরুদ্ধে যারা যত ভালো ব্যাটিং করবেন, তাদের সিরিজ জয়ের সুযোগ তত বাড়বে। আর ঠিক এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে যায় মিডল অর্ডারে কিপার-ব্যাটার রিশভ পন্থের (Rishabh Pant) ভূমিকা। ভারতীয় দল এই সিরিজ জিততে চাইলে এই তারকা ক্রিকেটারের ব্যাট হাতে ছন্দে থাকাটা অত্যন্ত জরুরী।
ভারতীয় দলের মিডল অর্ডার যখন শ্রীলঙ্কার প্রতিভাবান স্পিনারদের মুখোমুখি হবে, তখন পন্থের ওপরেই দায়িত্ব থাকবে প্রয়োজনে আক্রমণ করে তাদের লাইন ও লেংথের ধারাবাহিকতা ভঙ্গ করার। অতীতে একাধিকবার দেশের মাটিতে এই কাজ করেছেন ভারতের এই তারকা উইকেটরক্ষক। কিন্তু এবার তিনি এই একই কাজ করতে পারবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মূল সিরিজ আরম্ভ হওয়ার আগে একটি ৩ ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলেছিল ভারতীয় দল। সেখানে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে পন্থের ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। দ্বিতীয় ইনিংসে ছক্কা মেরে রানের খাতা খোলার আগে ২২টি বলে কোনও রান করেননি তিনি, যা একেবারেই তার স্বভাববিরুদ্ধ।
আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল
নিজের বেপরোয়া আগ্রাসী খেলার ধরণের কারণেই জনপ্রিয় ছিলেন পন্থ। তার ওই মারকুটে ব্যাটিংই ভারতকে অনেক টেস্ট ম্যাচে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছে। কিন্তু এখন পন্থের এই সাবধানী ব্যাটিং দেখে চিন্তায় অনেকেই। কোনও কোনও ক্রিকেট বিশেষজ্ঞ এর জন্য গৌতম গম্ভীরকে দায়ী করছেন। তাদের ধারণা এই ফরম্যাটে বাজে শট খেলে নিজেদের উইকেট ছুঁড়ে আসা ক্রিকেটারদের সাথে কঠোর ব্যবহার করেন গম্ভীর। যার জন্য সাবধানী ক্রিকেট খেলতে বাধ্য হচ্ছেন পন্থ। এই ধারণায় বিশ্বাস করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকরও।
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকির তদন্তে নতুন মোড়! পুলিশের হাতে এলো নতুন তথ্য
সম্প্রতি এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সঞ্জয় বলেছেন, “পন্থ ভারতের সেরা টেস্ট ব্যাটার। কিন্তু সাম্প্রতিককালে ওর ব্যাটিংয়ে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা বেশ বিরল। প্রস্তুতি ম্যাচে তাঁকে অতিরিক্ত সতর্ক ও ছন্দহীন মনে হয়েছে। অথচ এমন রক্ষণাত্মক খেলা ওর স্বভাব নয়। প্রতিপক্ষের ওপর আক্রমণ করে খেললেই ও সেরাটা দিতে পারেন। আমার ধারণা, ম্যানেজমেন্টের কোনও নির্দেশের কারণে এমন করছে পন্থ। এর আগে কোনও স্পষ্ট কারণ ছাড়াই তাঁকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আবার বাজে শট খেলে উইকেট ছুঁড়ে এলে গৌতম গম্ভীর কিছুটা অসন্তুষ্ট হবেন। কিন্তু পন্থের ব্যাটিংটাই আগ্রাসণ নির্ভর। এই মানসিকতাই দলকে প্রচুর সাফল্য এনে দিয়েছে এবং বিদেশের মাটিতে ভারতীয় দলকে অনেক জয় উপহার দিয়েছে। তাহলে তিনি কেন নিজের খেলার ধরন বদলাবেন? আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ও নিজের সেই নির্ভীক খেলার ধরন বজায় রাখবে।”













