যাত্রী না থাকায় কাঁচি! শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে বাদ ২ স্টপেজ, যুক্ত ৩ নতুন স্টেশন

Published on:

Published on:

Sealdah-Ranaghat AC Local Train Gets New Stopage Changes From August 1
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি লোকাল (AC Local Train) চালু হওয়ার পর থেকেই নিত্যযাত্রীদের মধ্যে এই ট্রেনের চাহিদা বেড়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে মাঝেমধ্যেই স্টপেজে পরিবর্তনও আনা হচ্ছে। কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি নতুন স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই সিদ্ধান্তের ফলাফল খতিয়ে দেখার পর এবার ফের স্টপেজ তালিকায় বদল আনল রেল। আগামী ১ অগস্ট থেকে দুটি স্টেশনে আর থামবে না এই এসি লোকাল, আবার কয়েকটি স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ চালু থাকবে।

শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল (AC Local Train) স্টপেজ পরিবর্তন

শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের (AC Local Train) স্টপেজ তালিকায় ফের রদবদল করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রী সংখ্যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অগস্ট থেকে জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে আর থামবে না আপ ও ডাউন শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। রেলের দাবি, এই দুই স্টেশনে প্রত্যাশিত সংখ্যক যাত্রী না পাওয়ায় স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে কিছু স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন (AC Local Train) থামানো চালু থাকবে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত শিমুরালি, হালিশহর এবং ইছাপুর স্টেশনে আপ ও ডাউন এসি লোকাল থামবে। এই সময়ে ওই স্টেশনগুলিতে যাত্রীদের সাড়া ও যাতায়াতের পরিসংখ্যান পর্যবেক্ষণ করবে রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৫ জুন থেকে পরীক্ষামূলকভাবে অতিরিক্ত পাঁচটি স্টেশনে এই এসি লোকালের (AC Local Train) স্টপেজ চালু করা হয়েছিল। সেই তালিকায় ছিল শিমুরালি, হালিশহর, কাঁচরাপাড়া, জগদ্দল এবং ইছাপুর। প্রথমে জানানো হয়েছিল, ৩১ জুলাই পর্যন্ত এই ব্যবস্থাই চালু থাকবে।

Indian Railways AC local trains are coming to the Sealdah-Barasat route

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা ৩ হাজার টাকা পাওয়ার বিশেষ ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী, কাদের জন্য?

রেল সূত্রে জানা গিয়েছে, পরীক্ষামূলক সময়ে কোন স্টেশনে কত যাত্রী উঠছেন বা নামছেন এবং কোথায় যাত্রীদের চাহিদা বেশি, সেই তথ্য পর্যালোচনা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই জগদ্দল ও কাঁকিনাড়ার স্টপেজ তুলে দিয়ে শিমুরালি, হালিশহর ও ইছাপুরে আপাতত ট্রেন (AC Local Train) থামানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।