বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোমবার একটি বড় তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে, স্বাধীনতা দিবসের (Independence Day) আগেই ISI-সমর্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে (Shahzad Bhatti Terrorist Network) নির্মূল করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদের বিপজ্জনক হামলার পরিকল্পনাও ব্যর্থ করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৪ টি রাজ্যে কো-অর্ডিনেটেড অপারেশনের মাধ্যমে নেটওয়ার্কটির ২০০ জনেরও বেশি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
কী জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)?
অমিত শাহ এক্স-এ একটি পোস্টে বলেছেন, স্বাধীনতা দিবসের আগে মোদী সরকার ISI সমর্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে ভেঙে দেয় এবং ২০০ জনেরও বেশি জঙ্গিকে গ্রেফতার করে তাদের বিপজ্জনক হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়।
Modi govt destroyed the ISI-backed terror group Shahzad Bhatti Network ahead of Independence Day and thwarted its plans for subversive attacks by arresting more than 200 operatives.
Indian security forces ripped apart the network by launching coordinated operations across…
— Amit Shah (@AmitShah) August 17, 2026
সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস: তিনি আরও বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী ১৪ টি রাজ্যের বিভিন্ন স্থানে কোঅর্ডিনেটেড অপারেশন চালিয়ে নেটওয়ার্কটি ভেঙে দিয়েছে। যা সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো-টলারেন্সের একটি চমৎকার উদাহরণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ISI-এর ফান্ডিংয়ে পরিচালিত দলটির কাছ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED), পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড, পিস্তল, সক্রিয় কার্তুজ এবং গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়াও, এই নেটওয়ার্কটি বহু সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আবহে অনলাইনে জমিয়ে কেনাকাটা! ই-কমার্স সেক্টরে অর্ডারের পরিমাণে বিপুল বৃদ্ধি
৮০ টিরও বেশি FIR, ২৫৩ জন গ্রেফতার: সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, বিভিন্ন রাজ্য জুড়ে বড় অভিযানে সন্ত্রাসবাদী চক্রকে ভেঙে দেওয়া হয়েছে। যার মধ্যে ১৪ টি রাজ্য থেকে ২৫৩ জনকে আটক করা হয়েছিল। মন্ত্রক আরও জানিয়েছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে ৮০ টিরও বেশি FIR দায়ের করা হয়েছে এবং ২০০ জনেরও বেশি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পাকিস্তানে স্থিত ও ISI সমর্থিত সন্ত্রাসবাদী সিন্ডিকেট শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক তথা SBN ভারতজুড়ে গ্রেনেড, আইইডি ও পেট্রোল বোমা হামলা এবং টার্গেটেড কিলিংয়ে জড়িত। আরও বলা হয়েছে যে, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি পুলিশ, প্রতিরক্ষা ও ধর্মীয় স্থানগুলির রেকি করতে এবং গুপ্তচরবৃত্তির জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে স্থানীয় মানুষদের অর্থ প্রদান করছিল।
আরও পড়ুন: বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল! বাংলা থেকে জোড়া এন্ট্রি, কারা পেলেন সুযোগ?
শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ISI সমর্থিত একটি সন্ত্রাসবাদী চক্র: বলা হয়েছে যে গত ১২ অগাস্ট SBN সম্পর্কিত বিশৃঙ্খলা মোকাবিলায় রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে রিয়েল-টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং সিস্টেমের ব্যবহার করে একটি কো-অর্ডিনেটেড অপারেশন পরিচালনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এর মাধ্যমে ১৪ টি রাজ্যে ২৫৩ জনকে আটক করা হয়েছে। যেখানে উত্তর প্রদেশ (৬২), হরিয়ানা (৫২), দিল্লি (৫১), পাঞ্জাব (৪৪), রাজস্থান (১৫), মহারাষ্ট্র (৮), উত্তরাখণ্ড (৫), কর্নাটক, গুজরাট ও বিহার (৩ টি করে), তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও কেরালায় (২ টি করে) এবং দিল্লি ও কর্নাটকে নতুন FIR দায়ের করা হয়েছে।













