বাংলা হান্ট ডেস্কঃ পড়াশোনার পথে যাতে আর্থিক অনটন বাধা না হয়ে দাঁড়ায়। সেই কারণে রাজ্যের দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার (Government of West Bengal) বিভিন্ন সময়ে নানা স্কলারশিপ চালু করেছে। সেই তালিকায় নাম রয়েছে শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের (Shikshashree Scholarship)। ইতিমধ্যেই এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি | (Shikshashree Scholarship)
রাজ্যে পূর্বতন সরকারের আমলে এই প্রকল্পগুলি চালু হয়েছিল। পালাবদলের পরেও তা বন্ধ হয়নি। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগের সরকারের আমলে চালু হওয়া কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। সেই হিসেবে শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপও চলবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে।
আরও পড়ুনঃ এখনও অ্যাকাউন্টে ঢোকেনি পিএম কিষাণের টাকা? কী করতে হবে জানুন
রাজ্যের তফশিলি জাতি ও তফশিলি জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করা হয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দফতরের অধীন বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পঠনপাঠনকারী শিক্ষার্থীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য। শিক্ষাশ্রী স্কলারশিপে প্রতি বছর ৮০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।
শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি বা সরকার স্বীকৃত স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মধ্যে পঠনপাঠনকারী হতে হবে। আবেদনকারী পড়ুয়ার এসসি/এসটি/ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারীর পারিবারিক আয় বছরে আড়াই লক্ষের মধ্যে হতে হবে।
শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদনের প্রয়োজনীয় নথি
রাজ্য সরকারের এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, কাস্ট সার্টিফিকেটের কপি, পরিবারের বার্ষিক উপার্জনের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি লাগবে।

শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদনের পদ্ধতি
শিক্ষাশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করতে হয় না। নিজের স্কুলের মাধ্যমে অফলাইনেই আবেদন করা যায়। আবেদনপত্র জমা দেওয়ার পর নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তা সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়। স্কুলের সঙ্গে যোগাযোগ করেই আবেদন সংক্রান্ত তথ্য জেনে নিতে পারে পড়ুয়ারা।

















