বাংলা হান্ট ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন এবং বিপজ্জনক হুমকি দেখা দিয়েছে। এমতাবস্থায়, আপনিও যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, ম্যানট্যাক্স ওটাক্স (Mantax Otax) নামের এক নতুন ম্যালওয়্যার (Malware) ব্যবহারকারীদের OTP চুরি করতে এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ও টেলিগ্রাম চ্যাট পর্যবেক্ষণ করতে সক্ষম বলে জানা গেছে। এই ম্যালওয়্যারটি ফোন লক করে দিতে পারে এবং আপত্তিকর পপ-আপ, অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের ক্রমাগত হয়রানি করতে পারে। মোবাইল সিকিউরিটি ফার্ম জিম্পেরিয়াম এই ম্যালওয়্যারটি শনাক্ত করেছে। যা গুগল প্লে-র বাইরে উপলব্ধ বিপজ্জনক এপিকে ফাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
OTP চুরি করছে বিপজ্জনক Malware, নজর WhatsApp চ্যাটেও:
OTP থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যাট পর্যন্ত সমস্ত তথ্য চুরি হতে পারে: জানিয়ে রাখি যে, গবেষকদের মতে, ম্যানটেক্স ওটাক্স ম্যালওয়্যারটি বিভিন্ন ধরণের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারে। এটি SMS নোটিফিকেশন পড়তে পারে, OTP-র মেসেজও অন্তর্ভুক্ত। এছাড়াও, এই ম্যালওয়্যারটি কল লগ থেকে শুরু করে ব্রাউজার হিস্ট্রি, কন্ট্যাক্টস, ইনস্টল করা অ্যাপস, লোকেশন সংক্রান্ত তথ্য এবং গুগল অ্যাকাউন্টের তথ্যও অ্যাক্সেস করতে পারে। এটি অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি সেটিংস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের তথ্য ও মেসেজ এবং টেলিগ্রাম চ্যাটকেও টার্গেট করতে পারে।

বিপজ্জনক এপিকে ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে: উল্লেখ্য যে, মোবাইল সিকিউরিটি ফার্ম জিম্পেরিয়ামের গবেষকরা ম্যানট্যাক্স ওটাক্স ম্যালওয়্যারটি খুঁজে পেয়েছেন। রিপোর্ট অনুসারে, এই ম্যালওয়্যারটি গুগল প্লে-এর বাইরে উপলব্ধ ক্ষতিকারক এপিকে ফাইলের মাধ্যমে ছড়াচ্ছে। এটিকে স্পাইওয়্যার, র্যানসমওয়্যার এবং রিমোট কন্ট্রোল ক্ষমতার একটি সংমিশ্রণ হিসাবে বর্ণনা করা হয়েছে। যা আক্রমণকারীদের আক্রান্ত ফোনগুলির ওপর বিভিন্ন ধরণের নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে।
আরও পড়ুন: মাত্র একদিনেই বুক ২০ লক্ষেরও বেশি টিকিট! দুর্ধর্ষ রেকর্ড গড়ল IRCTC
এই ম্যালওয়্যারটি অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেস এবং ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরের মতো শক্তিশালী পারমিশনের জন্য রিকোয়েস্ট করে। এই রিকোয়েস্টগুলির মাধ্যমে এটি ব্যবহারকারীর হয়ে ফোনে বিভিন্ন কাজ করতে পারে এবং আক্রমণকারীদের সার্ভারে সংযোগ স্থাপন করে ফোনের তথ্য পাঠাতে পারে।
আরও পড়ুন: সুযোগ পাবেন না বৈভব সূর্যবংশী? আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম T20-তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?
স্ক্রিন রেকর্ডিং এবং ক্যামেরা কন্ট্রোলও করা সম্ভব: ম্যানট্যাক্স ওটাক্স ম্যালওয়্যারটির হুমকি শুধু OTP এবং চ্যাট চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। গবেষকদের মতে, এটি স্ক্রিনশট নিতে, ফোনের স্ক্রিন রেকর্ড করতে এবং এমনকি অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন ফিচার ব্যবহার করে ডিভাইসের কার্যকলাপ সরাসরি স্ট্রিম করতে পারে। এছাড়াও, এই ম্যালওয়্যারটি ফোনের সামনের এবং পেছনের ক্যামেরা থেকে গোপনে ছবি তুলতেও সক্ষম বলে জানা গেছে। এই ছবিগুলো ব্যবহারকারীর অজান্তেই সরাসরি আক্রমণকারীদের কাছে পাঠানো যেতে পারে। এই কারণেই এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্যের জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।













