বাংলা হান্ট ডেস্ক : একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ ঘিরে ফের বড় পরিবর্তন। চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পুরনো নিয়োগ কাঠামো কার্যত সরিয়ে নতুন প্রক্রিয়ার পথে হাঁটল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সংশোধিত শূন্যপদের হিসেব সামনে রেখে প্রকাশ করা হয়েছে নতুন ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা। ফলে আগে যে তালিকা ধরে নিয়োগের বিভিন্ন ধাপ এগিয়েছিল, সেটি আর বহাল থাকছে না।
একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশন (SSC)
SSC-র এই সিদ্ধান্তের জেরে একসঙ্গে একাধিক পুরনো তালিকা বাতিল হয়ে গেল। আগের ইন্টারভিউ তালিকার পাশাপাশি চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্টও প্রত্যাহার করা হয়েছে। শুধু তালিকা বাতিল করেই থামেনি কমিশন। পুরনো তালিকার ভিত্তিতে যে কাউন্সেলিং পর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল, সেটিও আর কার্যকর থাকছে না।
কাউন্সেলিংয়ের পর যেসব চাকরিপ্রার্থী সুপারিশপত্র পেয়েছিলেন, তাঁদের সেই নথিও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ সংশোধিত শূন্যপদ অনুযায়ী প্রকাশিত নতুন তালিকাকেই এবার পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ভিত্তি হিসেবে ধরা হবে। এর ফলে আগের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বহু প্রার্থীর নিয়োগের হিসাবেও নতুন করে পরিবর্তন আসতে চলেছে।
তবে যাঁরা নতুন তালিকায় জায়গা পেয়েছেন এবং এর আগেই নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে অংশ নিয়েছেন, তাঁদের জন্য কিছুটা স্বস্তির খবর। আগে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ কিংবা ক্লাস নেওয়ার পরীক্ষা দিয়ে থাকলে সেই ধাপগুলি আবার করতে হবে না। অর্থাৎ একই পরীক্ষার জন্য ফের প্রার্থীদের ডাকার প্রয়োজন হচ্ছে না। আগে পাওয়া নম্বরগুলিই এবার নতুন করে মূল্যায়নের সময় কাজে লাগানো হবে। লিখিত পরীক্ষার ফল, শিক্ষাগত যোগ্যতার নম্বর, ইন্টারভিউ এবং ক্লাস নেওয়ার পরীক্ষায় প্রাপ্ত নম্বর একত্র করে তৈরি করা হবে সংশোধিত চূড়ান্ত মেধাতালিকা। ফলে আগের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই নতুন মেধাক্রম নির্ধারণ করা হবে।
এই গোটা পরিবর্তনের নেপথ্যে রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ। আদালতের রায় অনুযায়ী সংরক্ষণ ব্যবস্থাতেও সংশোধন করা হয়েছে। নতুন মেধাতালিকায় আগের ১৭ শতাংশ OBC সংরক্ষণের পরিবর্তে ৭ শতাংশ OBC সংরক্ষণ কার্যকর করা হচ্ছে। EWS সংরক্ষণ নিয়েও আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা নিয়েছে কমিশন। ১২ অগাস্ট ২০২৫ পর্যন্ত ইস্যু হওয়া EWS শংসাপত্রের ভিত্তিতেই সংরক্ষণের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন :নভেম্বর থেকে ফেব্রুয়ারি টানা ওয়ার্ক ফ্রম হোক! সরকারি-বেসরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
সব মিলিয়ে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে পুরনো তালিকা বাতিল করে নতুন হিসেবের ভিত্তিতে গোটা প্রক্রিয়াকে সাজাচ্ছে SSC। এখন নতুন তালিকায় থাকা প্রার্থীদের নথি যাচাই ও বাকি পরীক্ষার সূচি কবে প্রকাশ করা হয় এবং শেষ পর্যন্ত সংশোধিত মেধাতালিকায় কারা জায়গা পান, সেটাই চাকরিপ্রার্থীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।













