বাংলাহান্ট ডেস্ক: বারবার ব্যর্থতা এসেছে, কিন্তু সাফল্যের (Success Story) লক্ষ্য থেকে একচুলও সরে যাননি। সমাজের কটূক্তি কিংবা একের পর এক হতাশা কোনও কিছুই তাঁর জেদকে হার মানাতে পারেনি। শেষ পর্যন্ত পঞ্চম প্রচেষ্টায় UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে IPS অফিসার হন মোহিতা শর্মা (Mohita Sharma)। তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ লড়াই, আত্মবিশ্বাস এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা। ছোটবেলা থেকেই তাঁর একটাই ইচ্ছে ছিল—বাবা-মায়ের মুখে হাসি ফোটানো এবং তাঁদের এমন একটা কারণ দেওয়া, যার জন্য তাঁরা গর্ব করে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সেই লক্ষ্যই ধীরে ধীরে তাঁর জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে ওঠে।
মোহিতা শর্মার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):
মূলত হিমাচল প্রদেশের কাংরার বাসিন্দা মোহিতার জন্ম দিল্লিতে। তাঁর বাবা মারুতি উদ্যোগ লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মী এবং মা গৃহিণী। দিল্লির DPS Dwarka-য় পড়াশোনা করেন তিনি। পড়াশোনাতেও বরাবরই মেধার পরিচয় দিয়েছেন মোহিতা। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯২.২০ শতাংশ, আর দ্বাদশ শ্রেণিতে তিনি ৯০.৭০ শতাংশ নম্বর পান। এরপর ভারতী বিদ্যাপীঠ কলেজে ভর্তি হয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ২০১২ সালে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করার পর অবশ্য প্রচলিত চাকরির পথ বেছে নেননি। দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই শুরু করেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি (Success Story)।
মোহিতা ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। আর এই কারণেই ছোটবেলা থেকেই পরিবারকে নানা ধরনের সামাজিক কটূক্তি ও কুসংস্কারের মুখোমুখি হতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা-মায়ের সেই লড়াই এবং ত্যাগ আরও গভীরভাবে বুঝতে শুরু করেন মোহিতা। তখনই মনে মনে ঠিক করে ফেলেন, সমাজের কথায় তাঁদের ভেঙে পড়তে দেবেন না। বরং এমন কিছু করবেন, যাতে এতদিনের সমস্ত কটূক্তির জবাব তাঁর সাফল্যই হয়ে ওঠে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর ইচ্ছে ছিল বাবা-মাকে এমন একটা সুযোগ দেওয়া, যাতে অতীতের সব বিদ্রূপ ভুলে তাঁরা সবসময় মাথা উঁচু করে বাঁচতে পারেন (Success Story)।
২০১২ সালের পর UPSC সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করে প্রথমবার পরীক্ষায় বসেন মোহিতা। কিন্তু সাফল্য আসেনি। এরপর দ্বিতীয়বার, তৃতীয়বার এবং চতুর্থবারও পরীক্ষায় ব্যর্থ হন তিনি। পরপর চারটি ব্যর্থতা যে তাঁকে হতাশ করেনি, তা নয়। তবে প্রতিবারই নিজের ভুল খুঁজে বের করে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। তাঁর কাছে প্রতিটি ব্যর্থতা হয়ে উঠেছিল নতুন করে শেখার সুযোগ। কোনও নির্দিষ্ট মেন্টর বা পথপ্রদর্শক ছাড়াই তাঁকে এই দীর্ঘ প্রস্তুতির পথ পাড়ি দিতে হয়েছিল। ফলে কোথায় ভুল হচ্ছে, কীভাবে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে হবে—সেটাও অভিজ্ঞতার মাধ্যমেই বুঝে নিয়েছেন তিনি।

আরও পড়ুন:বেসরকারিকরণের পথে ISRO? রাখঢাক না রেখে বড় বার্তা দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা
শেষ পর্যন্ত পঞ্চম প্রচেষ্টায় আসে কাঙ্ক্ষিত সাফল্য। UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IPS হিসেবে দেশের সেবার সুযোগ পান মোহিতা শর্মা। নিজের সেই দীর্ঘ যাত্রার কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, তাঁকে সামনে থেকে পথ দেখানোর মতো কেউ ছিলেন না। তাই প্রতিটি ধাপেই নিজের অভিজ্ঞতা এবং ভুল থেকেই শিখতে হয়েছে। সেই কারণেই হয়তো চারবারের ব্যর্থতার পরও তিনি স্বপ্ন দেখা বন্ধ করেননি। বরং প্রতিটি ধাক্কাকে পরের চেষ্টার প্রস্তুতি হিসেবে নিয়েছেন। মোহিতার গল্প তাই শুধু একজন UPSC পরীক্ষার্থীর সাফল্যের কাহিনি নয়, বরং বারবার ব্যর্থ হওয়ার পরও নিজের লক্ষ্যে স্থির থাকার এক অনুপ্রেরণার গল্প। তাঁর লড়াই দেখিয়ে দিয়েছে, সাফল্যের পথে বাধা যতই আসুক, ইচ্ছাশক্তি এবং অধ্যবসায় থাকলে শেষ পর্যন্ত স্বপ্নপূরণ সম্ভব (Success Story)।













