বাংলাহান্ট ডেস্ক: বঙ্গে বর্ষামঙ্গল। বর্তমানে মৌসুমি অক্ষরেখার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই সব কিছুর মিলিত প্রভাবে প্রায় রোজই ঝড়-বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে হচ্ছে ভারী বৃষ্টি। শনিবারও সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর বলছে, আজ শনিবারও বৃষ্টি হবে। বিকেলের পর বাড়তে পারে বর্ষণ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উপরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। সবকিছু মিলিয়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে স্থলভাগে আর বৃষ্টি হচ্ছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়।
এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ায়। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও কলকাতাতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে রবিবারও। আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টির দাপট।
দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ঝড়-বৃষ্টির সাথে দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির কারণে তীব্র গরম আর নেই দক্ষিণবঙ্গে। একধাক্কায় অনেকটা নেমেছে তাপমাত্রা। তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম বজায় থাকছে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বদলের খুব একটা সম্ভাবনা নেই।
















