বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে আকাশের মুখ ভার। আজও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, রয়েছে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও দুপুরের পর বদলাবে আবহাওয়ার চিত্র। (West Bengal Weather Report)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে নিম্নচাপ অঞ্চল উত্তর দিকে সরছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। এই দুইয়ের প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে।
এদিন কলকাতা সহ বাকি জেলাগুলিও বিক্ষিপ্ত ভিজতে পারে। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার মাত্রা আজও কিছুটা বেশির দিকে। তাই দক্ষিণবঙ্গবাসীর দোসর হবে আদ্রতাজনিত অস্বস্তি। আগামীকালও মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার নাগাদ বৃষ্টির দাপট বাড়তে পারে ফের। মঙ্গলবার ২১ জুলাই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে সতর্কতা। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: নির্দেশিকা অমান্য করলেই কড়া শাস্তি! বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করল পর্ষদ
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
শনিবার ও রবিবার ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ ও আগামীকাল ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বাকি কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। রবিবার বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়তে পারে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরে।













