বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-তেও অভিষেকের সুযোগ পেলেন না ভারতের ১৫ বছর বয়সী বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাই, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকের অপেক্ষা আরও একটু দীর্ঘ হল। এর আগে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে ২ টি ম্যাচেও বেঞ্চে বসে থাকতে হয় বৈভবকে। এমতাবস্থায়, অনুরাগীরা আশা করছিলেন যে, গত বুধবার চেস্টার-লে-স্ট্রিটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-তে হয়তো বৈভব সুযোগ পাবেন। তবে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের T20 বিশ্বকাপজয়ী সিনিয়র টপ-অর্ডারের ওপরেই আস্থা রাখে। যার ফলে বৈভব আবারও প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েছেন। এদিকে, ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) বৈভবের ক্রমবর্ধমান অপেক্ষা এবং ভবিষ্যতে তাঁর ওপর আসা চাপের প্রসঙ্গে একটি বড় প্রতিক্রিয়া জানিয়েছেন।
বৈভবের (Vaibhav Sooryavanshi) ডেবিউর জন্য অপেক্ষায় খোদ সুনীল গাভাস্কার:
অপেক্ষা যত দীর্ঘ, চাপ তত বাড়ে: সুনীল গাভাস্কার সোনি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে অভিষেক বিলম্বিত হলে প্রত্যাশা ও চাপ দু’টোই বাড়ে। কিন্তু ১৫ বছর বয়সে একজন খেলোয়াড় এসব নিয়ে ভাবে না। গাভাস্কার বলেন, ‘যখনই বৈভব সুযোগ পাবে, এই অপেক্ষা অবশ্যই তার ওপর আরও কিছুটা চাপ বাড়াবে। কিন্তু ১৫ বছর বয়সে আপনি চাপ নিয়ে খুব বেশি ভাবেন না।’ তিনি আরও বলেন, ‘বৈভব খুব ভালো করেই জানে যে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে সুযোগ পেলে তাকে সঙ্গে সঙ্গেই ভালো খেলতে হবে। এই ব্যাপারটা তার মাথায় থাকবে।’

সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে থাকাটা অনেক বড় ব্যাপার: এর পাশাপাশি সুনীল গাভাস্কার জানিয়েছেন যে, এই বয়সে সিনিয়র দলের ড্রেসিংরুমের অংশ হতে পারাটাই অনেক বড় একটি ব্যাপার। তাঁর মতে, ‘এই মুহূর্তে দলের সঙ্গে থাকতে পেরে বৈভব অত্যন্ত খুশি। এই ভারতীয় দল অসাধারণ ও বিস্ময়কর খেলোয়াড়ে পরিপূর্ণ, এবং এই কিংবদন্তিদের মাঝে থেকে শেখাটা বৈভবের জন্য এক দারুণ অভিজ্ঞতা।’
আরও পড়ুন: সেপ্টেম্বরেই সম্পন্ন হবে ভারত-বাংলাদেশ সিরিজ? সামনে এল বড় আপডেট
বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়: জানিয়ে রাখি যে, ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম T20 ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রানের বড় স্কোর গড়ে তোলে। যদিও সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ এবং সহ-অধিনায়ক তিলক ভার্মা ব্যর্থ হন। তবে, অভিষেক শর্মার ২৪ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ৬৮ রান ও শেষ ওভারগুলিতে শিবম দুবের অপরাজিত ৪২ রান ভারতকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছতে সাহায্য করে।
আরও পড়ুন: আগেই খারিজ রক্ষাকবচের আর্জি! পুরুলিয়া থেকে গ্রেফতার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী
উল্লেখ্য যে, ম্যাচের পরবর্তীতে বৃষ্টির কারণে ইংল্যান্ড রান তাড়া করতে পারেনি। এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী, সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ৪ জুলাই ম্যানচেস্টারে সম্পন্ন হবে। সেখানে বৈভব সূর্যবংশীর অভিষেকের অপেক্ষার অবসান ঘটে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।













