হাতে ৪ মাস সময়! তৃণমূলের নাম-প্রতীক নিয়ে সিদ্ধান্ত নিতে কমিশনকে ডেডলাইন সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court gives four months deadline to Election Commission for TMC name symbol issue
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের নাম, প্রতীক নিয়ে মমতা ও ঋতব্রত শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছে। এবার এর ফয়সালার জন্য নির্বাচন কমিশনকে (Election Commission) ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী চার মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সোমবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা | (Supreme Court)

সোমবারের শুনানিতে মমতা তৃণমূলের দুই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কপিল সিব্বল প্রতীক সংক্রান্ত টানাপড়েনের দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ, নির্বাচন কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে দুই পক্ষের বক্তব্য শোনার কাজ শেষ করতে হবে। এর পরবর্তী তিন মাসের মধ্যে প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুনঃ জেড প্লাস নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য! সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিনের শুনানিতে শীর্ষ আদালত জানতে চায়, তৃণমূলের নাম, প্রতীক ইস্যুতে কমিশনের কাছে দুই শিবিরের সওয়াল জবাব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা। মমতা শিবিরের তরফে সম্মতিসূচক উত্তর দেওয়া হলেও ঋতব্রত শিবিরের তরফে আইনজীবী মুকুল রোহতগি জানান, কমিশনের কাছে বক্তব্য জানাতে আরও ছয় সপ্তাহ সময় লাগবে।

সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, চার সপ্তাহের মধ্যে কমিশনকে দুই পক্ষের বক্তব্য শোনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও তিন মাস সময় মিলবে। সব মিলিয়ে, চার মাসের মধ্যে তৃণমূলের নাম, প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

Supreme Court

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চলতি বছরের মধ্যে তৃণমূলের নাম, প্রতীক ইস্যুতে চূড়ান্ত ফয়সালা হওয়ার সম্ভাবনা কম। তবে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে কমিশন। ফলে আসন্ন উপনির্বাচন, পুজোর পর হতে চলা পুরভোট সহ অন্যান্য নির্বাচনগুলিতে তৃণমূলের দুই শিবিরকে অস্থায়ী প্রতীকেই লড়তে হবে।