বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) ডিআর (DR) ইস্যুতে টানাপোড়েন চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবারে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে শুরু করেছে নবান্ন। বাংলায় ডিএ নিয়ে যখন জোর চর্চা চলছে এর মাঝেই কেরলের এক মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, কর্মরত ও পেনশনভোগী উভয়েই সমান হারে মহার্ঘ ভাতার অধিকারী!
ডিএ ডিআর নিয়ে সরকারের আবেদন খারিজ আদালতে | Dearness Allowance
গুরুত্বপূর্ণ রায় দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় মনোজ মিশ্র ও প্রসন্ন বি ভারালেকের বেঞ্চের পর্যবেক্ষণ, মুদ্রাস্ফীতির জেরে কর্মরত ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মচারীরা সমান সমস্যার সম্মুখীন হন। তাই সরকারের উচিৎ কোনও ভেদাভেদ, বৈষম্য না করে ডিএ, ডিআর বাড়ানোর সময় সবদিক সমানভাবে বিবেচনা করা।
কী নিয়ে মামলা?
২০২১ সালে কেরল সরকার মুদ্রাস্ফীতি মোকাবিলায় কেরল পথ পরিবহণ নিগমের কর্মীদের ১৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তবে পেনশনারদের মাত্র ১১ শতাংশ ডিআর বৃদ্ধি করা হয় সেই সময়। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কেরল হাই কোর্টে মামলা করেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
একক বেঞ্চে মামলা দায়ের হলে আবেদন বাতিল হয়। পরে ডিভিশন বেঞ্চে অবসরপ্রাপ্ত কর্মচারীরা জয় পান। আদালতের সিদ্ধান্তের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেরল সরকার ও রাজ্য পথ পরিবহণ নিগম। সুপ্রিম কোর্ট কেরল সরকার ও কেরল রাজ্য পথ পরিবহণ নিগমের আবেদন এদিন খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা! রাস্তা ভুলে হেলিপ্যাডের বদলে পার্কিংয়ে অবতরণ করল মন্ত্রীর হেলিকপ্টার
আদালতের সাফ পর্যবেক্ষণ, মুদ্রাস্ফীতি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমান ধাক্কা দেয়। রায়ে সংবিধানের ১৪ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে বিচারপতি লিখেছেন, সমানাধিকার একটি গতিশীল ধারণা। এর নানা দিক, মাত্রা আছে। সমানাধিকারকে প্রচলিত ধারণায় সীমাবদ্ধ রাখার পক্ষপাতী আদালত নয়।












