আবাস যোজনার টাকা ফেরাতেই হবে! অযোগ্যদের জন্য নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari announced deadline to return West Bengal Awas Yojana money

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। একাধিকবার এই বার্তা দিয়েছে রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গ আবাস যোজনার (West Bengal Awas Yojana) অযোগ্য প্রাপকদের টাকা ফেরানোর জন্য নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওই সময়ের মধ্যে টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

প্রয়োজনে সিট গঠনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

তৃণমূল আমলে প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল। পালাবদলের পর সংশ্লিষ্ট উপভোক্তাদের তথ্য যাচাই করে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। শুক্রবার আরও প্রায় ৭ লক্ষ যোগ্য উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari

সেই অনুষ্ঠান থেকেই শুভেন্দু জানান, আবাস যোজনার তালিকায় প্রায় ৫৭ হাজার ভুয়ো প্রাপকের হদিশ পাওয়া গিয়েছে। বাস্তবে তাঁদের কোনও অস্তিত্ব নেই। পাশাপাশি প্রায় ১২ হাজার উপভোক্তা নিয়মবহির্ভূতভাবে প্রকল্পের টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ৬% সুদ-সহ টাকা ফেরত দিতে হবে! ভাতা সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাই কোর্টের

মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনার তালিকায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার নাম কীভাবে ঢুকেছিল, কারা জড়িত আছেন তা খুঁজে বের করা হবে। কোনও সরকারি আধিকারিক যুক্ত থাকলেও ছাড় পাবেন না। দরকার পড়লে সিট গঠন করে সম্পূর্ণ ঘটনার তদন্ত হবে বলে জানান তিনি।

পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে আবাস যোজনার টাকা নেওয়া ১২ হাজার উপভোক্তার উদ্দেশেও কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু। নির্দিষ্ট ডেডলাইন বেঁধে তিনি জানান, ওই উপভোক্তাদের টাকা ফেরাতেই হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই ১২ হাজার অযোগ্য প্রাপকের মধ্যে ইতিমধ্যেই ১ হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরও আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি টাকা ফেরত করতে হবে। নাহলে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

এদিকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, আবাস যোজনার তালিকা খতিয়ে দেখার পর জানা গিয়েছে বহু অযোগ্য ও ভুয়ো আবেদনকারী সেখানে স্থান করে নিয়েছেন। প্রকল্পের তালিকা পুনর‍ায় মূল্যায়ন ও পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে জানিয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, প্রায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার খোঁজ পাওয়া গিয়েছে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে টাকা পাওয়া উপভোক্তাদের টাকা ফেরানোর ডেডলাইনও বেঁধে দিয়েছেন তিনি।