বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরবর্তীতে নিয়ম মাফিক একটি আসন ছেড়ে দেন। তবে নন্দীগ্রাম (Nandigram) ছাড়লেও উৎসব থেকে বিপদ, সবসময় নন্দীগ্রামবাসীর পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। এবার দীপাবলির রাতে নন্দীগ্রামের জন্য ১৫ কোটির ‘উপহার’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
নন্দীগ্রামের জন্য উন্নয়নের ডালি ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানার কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথকে রেকর্ড মার্জিনে জেতানোর জন্য নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ জানান। এরপরেই একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেন তিনি।

শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের মানুষ একসময় পুলিশকে শত্রু বলে মনে করত। আস্তে আস্তে সেই পুলিশ বন্ধু হয়ে উঠেছে। আজ আমি কথামতো কিছু উন্নয়নের ডালি নিয়ে এসেছি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারি, আমার পদোন্নতি হতে পারে, দায়িত্ব বাড়তে পারে, তবে এখানকার মানুষ আমায় চোখ বন্ধ করে বিশ্বাস করেন ও ভালোবাসেন। সেই কারণে বারবার তাঁরা নির্বাচিত করেছেন।“
আরও পড়ুনঃ রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
মুখ্যমন্ত্রী জানান, দু’টি কেন্দ্রের বিধায়ক থাকার নিয়ম না থাকায় নন্দীগ্রাম তাঁকে ছাড়তে হয়েছে। তবে উৎসব, উন্নয়ন, বিপদ, বিপর্যয়ে সবসময় ‘বন্ধু’ শুভেন্দু অধিকারী পাশে থাকবে বলে কথা দিয়েছেন। এদিন প্রথা মেনে হলদিয়া উন্নয়ন পর্ষদের ভূমিপুজো হয়েছে বলে জানান তিনি।
শুভেন্দু বলেন, রাজ্যের সব থানার মতো নন্দীগ্রাম থানাতেও জিম তৈরি করবে রাজ্য সরকার। জিমের পাশাপাশি সেখানে ওয়াটার পিউরিফায়ার ও জেনারেটর দেওয়া হবে। পাশাপাশি সোনাচূড়ার আউটপোস্ট তৈরির জন্য ক্যাবিনেটের তরফে অনুমোদন মিলেছে।
এছাড়া মুখ্যমন্ত্রী জানান, অফিসার্স কোয়ার্টার তৈরি হবে। অফিসারদের জন্য পাঁচটি টু-বিএইচকে ফ্ল্যাট তৈরি হবে। সেই সঙ্গেই আরও ছ’টি ফ্ল্যাট থাকবে।
নন্দীগ্রামের বুকে দেড়শোর বেশি আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম তৈরির ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সঙ্গেই আইটিআই তৈরি, পুলিশ ক্যান্টিন তৈরি ও স্নানের ঘাট সংস্কারের কাজও হবে। নন্দীগ্রামের উন্নয়নে রেলকে জমি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
নিয়মের কারণে নন্দীগ্রাম আসন ছাড়লেও বরাবর নন্দীগ্রামবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসব থেকে বিপর্যয়, সবসময় তাঁকে পাশে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন। এবার নন্দীগ্রামের বুকে প্রায় ১৫ কোটি টাকায় উন্নয়নের কর্মযজ্ঞ হবে বলে ঘোষণা করলেন তিনি।












