বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার নবান্ন সভাঘর থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তি প্রদান কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অনুষ্ঠান থেকেই ভিবি জি রাম জি (VB-G RAM G) তথা বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আনস্কিলড জবের সঙ্গে যুক্ত শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানো নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছেন।
নূন্যতম মজুরি বাড়ানোর ভাবনা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে রাজনৈতিক পরিবেশ না থাকলেও রাজ্যের গ্রামীণ শ্রমিকদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দৈনিক মজুরি বাড়ানোর প্রস্তাব রাখেন।

শুভেন্দু বলেন, “আমি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বলার মতো পরিবেশ না থাকলেও আমি দু’টো কথা বলে এসেছি। কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছি, বাংলার মাটিতে যারা আনস্কিলড জবের সঙ্গে যুক্ত, তাঁদের দৈনিক নূন্যতম মজুরি বাড়িয়ে ৪০০ টাকা করা হোক।“
আরও পড়ুনঃ বেআইনিভাবে হয়েছে হাওড়ার আসন পুনর্বিন্যাস! ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টে মামলা
এছাড়া মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই নির্দিষ্ট সময়ের আগে কেন্দ্রের বেঁধে দেওয়া ২২ কোটির কাজের লক্ষ্যমাত্রা সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে রোজ রাজ্যে ১০ লক্ষ করে ম্যান্ডেট তৈরি হচ্ছে। গত ৫ থেকে ৭ দিনের মধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষ ম্যান্ডেট তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি।
আগের মনরেগা তথা ১০০ দিনের কাজের জায়গায় ভিবি জি রাম জি তথা ১২৫ দিনের কাজ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে দৈনিক নূন্যতম মজুরি প্রায় ৩০০ টাকা স্থির করা হয়েছে। এবার সেটাই আরও ১০০ টাকা বাড়ানোর প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে আনস্কিলড জবের শ্রমিকদের নূন্যতম মজুরি বাড়িয়ে দৈনিক ৪০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রস্তাব গৃহীত হলে সাধারণ শ্রমজীবী মানুষের অনেকটা সুরাহা হবে।












