বাংলা হান্ট ডেস্কঃ প্রতিদিনের মিড ডে মিলে একই ধরনের খাবার খেতে হয় পড়ুয়াদের। এবার সেই খাবারের তালিকায় এল একটু বদল। হাওড়ার একটি স্কুলের পড়ুয়াদের জন্য মাছ ও রসগোল্লা পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার স্কুলে এসে পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খাওয়ার পরের দিনই এই উপহার পাঠানো হয়।
পড়ুয়াদের জন্য মাছ আর মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী
ঘটনাটি হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী বিদ্যালয়ের। মঙ্গলবার সেখানে ‘সারথি’ প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। পড়ুয়াদের সঙ্গে বসে তিনিও মিড ডে মিল খান। এর পর বুধবার স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের জন্য মাছ এবং রসগোল্লা পাঠানো হয়। ফলে এদিনের মিড ডে মিলে অন্য দিনের তুলনায় একটু আলাদা খাবার ছিল।
মঙ্গলবার রাজলক্ষ্মী বিদ্যালয়ের ছাত্রীদেরও সাইকেল দেওয়া হয়েছিল। তাঁদেরও মধুসূদন পাল চৌধুরী বিদ্যালয়ে ডাকা হয়েছিল। বুধবার পড়ুয়াদের সঙ্গে শিক্ষক ও শিক্ষাকর্মীরাও একসঙ্গে বসে খাওয়াদাওয়া করেন। পুরো আয়োজনটা অনেকটা চড়ুইভাতির মতো হয়ে যায়। স্কুলে মোট প্রায় ১২০০ জন পড়ুয়া রয়েছেন। তাঁদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই খাবার খান। এই উপহারের জন্য স্কুলের তরফে মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari) ধন্যবাদ জানানো হয়েছে।
স্কুলের রান্নাঘর নিয়েও প্রশংসা
স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানান, আগে স্কুলের রান্নাঘর এবং খাওয়ার ঘরের অবস্থা ভালো ছিল না। পরে প্রাক্তনীদের সাহায্যে সেগুলি নতুন করে তৈরি করা হয়। মঙ্গলবার স্কুলে এসে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) সেই কাজের প্রশংসা করেছিলেন। প্রধান শিক্ষক বলেন, বুধবার পড়ুয়াদের জন্য মাছ ও রসগোল্লা পাঠানো হয়েছে। ভবিষ্যতে স্কুলটিকে স্মার্ট স্কুল হিসেবে তৈরি করার জন্যও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর ভুয়ো পাস বেচে কোটি কোটি টাকার কারবার? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে ED
স্কুলে মিড ডে মিল রান্নার কাজে ছ’জন মহিলা কর্মী রয়েছেন। তাঁদের প্রত্যেকের জন্য ৫০০ টাকা করে পুজোর বকশিসও পাঠানো হয়েছে (Suvendu Adhikari) বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।













