পুরভোটের আগেই ওয়ার্ডে ওয়ার্ডে নতুন দায়িত্ব! কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari talks about appointment of ward coordinators

বাংলা হান্ট ডেস্ক : হাওড়া পুরসভায় ভোট না হলে কীভাবে চলবে নাগরিক পরিষেবা, তারই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুর নির্বাচন ঘিরে আদালতের নিষেধাজ্ঞা থাকায় আপাতত ভোটের ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতিতে নির্বাচিত কাউন্সিলরদের পরিবর্তে ওয়ার্ডের দায়িত্ব সামলাতে কো-অর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। শুধু নিয়োগের পরিকল্পনাই নয়, কারা এই দায়িত্ব পেতে পারেন, তা নিয়েও নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কী জানালেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?

হাওড়ার কাজিপাড়ায় ছট পুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটে যাঁরা হারবে, তাঁরা পুরসভার ভোট আটকাচ্ছে, ১২ বছর হাওড়া পুরসভায় ভোট হয়নি, ২ ঘণ্টার বৃষ্টিতে জল জমছে, পুর আধিকারিকদের লিমিট রয়েছে, বিরোধীরা ভোটে দিতে প্রার্থী পাচ্ছে না, কোর্টে যাচ্ছে, আমিও সুপ্রিম কোর্টে যাব, ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর বসিয়ে দেব,সব সুবিধা পাবেন মানুষ, যাঁরা সরকারের সঙ্গ দেবে- বিরোধ করবেন না, তাঁদেরই নির্বাচন করা হবে, এতে কোনও হিডেন অ্যাজেন্ডা নেই।”

Suvendu Adhikari talks about appointment of ward coordinators

কো-অর্ডিনেটর নিয়োগের বিষয়টি নিয়ে এর আগেও প্রকাশ্যে নিজের মত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার ক্ষেত্রেও একই ব্যবস্থা চালু হলে বিজেপির প্রতিনিধিদের ওই পদে বসানোর কথা বলেছিলেন তিনি। এবার হাওড়ার ক্ষেত্রেও তাঁর বক্তব্যে রাজনৈতিক আনুগত্যের বিষয়টি উঠে এসেছে। সরকারের কাজে সহযোগিতা করবেন, এমন ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : পুজোর ছুটির পর স্কুল খোলার আগে নয়া নির্দেশ প্রশাসনের

তবে কবে থেকে এই ব্যবস্থা চালু হবে, তা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। ৩০ নভেম্বরের পর কো-অর্ডিনেটর নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরভোটের বিজ্ঞপ্তি জারির উপর কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এ বিষয়ে এসএলপি দায়ের করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল সিপিএম। সেই মামলার প্রেক্ষিতেই আদালত নির্দেশ দিয়েছে, পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। আদালতের অনুমতি মিললে পুরভোট দ্রুত হতে পারে। অন্যথায় নাগরিক পরিষেবা সচল রাখতে কো-অর্ডিনেটর নিয়োগের বিকল্প ব্যবস্থাই কার্যকর করতে পারে সরকার।