বাংলা হান্ট ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাব দেশের বিভিন্ন সেক্টরে অনুভূত হচ্ছে। যার মধ্যে রয়েছে অটোমোবাইল সেক্টরও। এই আবহেই দেশের একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের তৈরি গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে টাটা মোটরস (Tata Motors) প্যাসেঞ্জার ভেহিক্যালসও। মূলত, এই অর্থবর্ষে দ্বিতীয়বার সংস্থাটি তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। সংস্থাটি শুক্রবার জানিয়েছে যে, আগামী ১ জুলাই, ২০২৬ থেকে তারা তাদের প্যাসেঞ্জার ভেহিক্যালস পোর্টফোলিওর দাম ১.৫ শতাংশ পর্যন্ত বাড়াবে। যেগুলির মধ্যে পেট্রোল থেকে শুরু করে ডিজেল ও বৈদ্যুতিক যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে সংস্থাটি গত ১ এপ্রিল দাম বাড়িয়েছিল।
ফের বাড়তে চলেছে টাটার (Tata Motors) গাড়ির দাম:
জানিয়ে রাখি যে, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, ক্রমবর্ধমান কাঁচামালের খরচ এবং ক্রমাগত মুদ্রাস্ফীতির প্রভাব কিছুটা প্রশমিত করার জন্যই এই মূল্য পরিবর্তন করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, এই বর্ধিত খরচের একটি বড় অংশ তারা নিজেরাই বহন করছে। তবে এর কিছু অংশ মূল্য পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের ওপরও চাপিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: আদানি, রিলায়েন্স, বেদান্ত… চিনকে টেক্কা দিতে জোট বাঁধছেন ভারতের ৩ ধনকুবের, সামনে এল ‘মেগা প্ল্যান’
সংস্থাটি আরও জানিয়েছে যে, মডেল এবং ভেরিয়েন্টের ওপর নির্ভর করে মূল্যবৃদ্ধি ভিন্ন হবে। উল্লেখ্য যে, টাটা মোটরসের পোর্টফোলিওতে পাঞ্চ থেকে শুরু করে, নেক্সন, কার্ভ, হ্যারিয়ার এবং সাফারির মতো জনপ্রিয় গাড়ি রয়েছে। পাশাপাশি এই সংস্থাটি টিয়াগো, পাঞ্চ, নেক্সন এবং কার্ভ-এর ইভি ভার্সনও বিক্রি করে।
আরও পড়ুন: স্তব্ধ নেটমাধ্যম! আচমকাই ‘ডাউন’ ফেসবুক-ইনস্টাগ্রাম, বিভ্রান্তিতে ব্যবহারকারীরা
সম্প্রতি আরও বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের গাড়ির দাম বাড়িয়েছে। দাম বৃদ্ধির বিষয়ে সংস্থাগুলি জানিয়েছে যে ইস্পাত, অ্যালুমিনিয়াম, রাবার, লিথিয়াম-আয়ন ও সেমিকন্ডাক্টরের দাম বৃদ্ধি পাওয়ায় তারাও দাম পরিবর্তনের ক্ষেত্রে বাধ্য হয়েছে।













