বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকার যে শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI থেকে রেকর্ড পরিমান অর্থ পাচ্ছে এমনটা নয়। বরং, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও সরকারের কোষাগারে হাজার হাজার কোটি টাকার ডিভিডেন্ড (Dividend) জমা করেছে। এবার এই প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের ৪ টি বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারকে বিপুল পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে। যেটির পরিমাণ ৯,৪০০ কোটি টাকারও বেশি। জানিয়ে রাখি যে ইতিমধ্যেই, দেশের ব্যাঙ্কিং রেগুলেটর RBI কেন্দ্রীয় সরকারকে ২.৮৬ লক্ষ কোটি টাকারও বেশি রেকর্ড ডিভিডেন্ড প্রদানের ঘোষণা করেছে।
এই ৪ টি ব্যাঙ্ক সরকারকে দিল (Dividend) ৯,৪৩৯ কোটি টাকা:
উল্লেখ্য যে, কানাড়া ব্যাঙ্ক থেকে শুরু করে, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে মোট ৯,৪৩৯ কোটি টাকার ডিভিডেন্ড প্রদান করেছে। কানাড়া ব্যাঙ্ক নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর তথা CEO ব্রজেশ কুমার সিং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে ২,৩৯৭ কোটি টাকার ডিভিডেন্ডের চেক হস্তান্তর করেন।

এদিকে, ওই অনুষ্ঠানে আর্থিক পরিষেবা সচিব সঞ্জয় লোহিয়াও উপস্থিত ছিলেন। জানিয়ে রাখি যে, কানাড়া ব্যাঙ্ক ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শেয়ার প্রতি ৪.২০ টাকা ডিভিডেন্ডের ঘোষণা করেছে। যা ২ টাকা ফেস ভ্যালুর প্রতিটি শেয়ারের ২১০ শতাংশ।
ব্যাঙ্কগুলি কী জানিয়েছে: PNB-র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অশোক চন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে ২,৪১৬ কোটি টাকার একটি ডিভিডেন্ড চেক তুলে দিয়েছেন। এদিকে, ব্যাঙ্ক অফ বরোদা এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের এমডি এবং সিইও দেবদত্ত চাঁদ অর্থমন্ত্রীর হাতে ২,৮১১ কোটি টাকার একটি ডিভিডেন্ড চেক তুলে দিয়েছেন।
আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! আরও সহজে মিলবে বন্দে ভারতের টিকিট, জেনে নিন ১৫ মিনিটের নতুন নিয়ম
ব্যাঙ্কটি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রতিটি ইক্যুইটি শেয়ারে ৮.৫০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা শেয়ার প্রতি ২ টাকা অভিহিত মূল্যের ৪২৫ শতাংশ। ইন্ডিয়ান ব্যাঙ্কের এমডি এবং সিইও বিনোদ কুমার অর্থমন্ত্রীর হাতে ১,৮১৫.০৫ কোটি টাকার ডিভিডেন্ডের চেক তুলে দিয়েছেন। চেন্নাইয়ে স্থিত ইন্ডিয়ান ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা অন্তর্ভুক্তিমূলক ব্যাঙ্কিং এবং আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করার মাধ্যমে উন্নত ভারত গড়ার ক্ষেত্রে সরকারি স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।













