বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ নিয়ে দড়ি টানাটানির মাঝেই ডিএ বৃদ্ধি করল আরেক রাজ্য সরকার। সম্প্রতি ফের একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees)। কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধি হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছেন। আর সেই পথে হেঁটেই ২ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার।
মূল্যবৃদ্ধির বাজারে ফের ২% ডিএ বৃদ্ধি রাজ্যের | Dearness Allowance
জয়পুর থেকে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধির কথা জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে রাজ্য সরকার মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এতদিন ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন সে রাজ্যের কর্মীরা। এবার তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৭ লক্ষ ২ হাজার রাজ্য কর্মচারী এবং ৫ লক্ষ ৪৪ হাজার পেনশনভোগী সরাসরি এর সুবিধা পাবেন। উল্লেখযোগ্যভাবে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মচারীদেরও এই বৃদ্ধির আওতায় এনেছে সরকার।
জানানো হয়েছে, ডিএ বৃদ্ধি ১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হবে। সরকারি কর্মচারীরা ২০২৬ সালের জুন মাসে সরাসরি এই সুবিধা পাবেন, মে মাসের বেতনের সাথে। আর ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত বকেয়া অর্থ কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতের এই পড়শি দেশের ক্রিকেটে বড় সঙ্কট! একসঙ্গে পদত্যাগ করলেন বোর্ডের সদস্যরা
পেনশনভোগীরা অবশ্য ১ জানুয়ারী, ২০২৬ থেকে বর্ধিত মহার্ঘ ভাতা সরাসরি নগদে পাবেন। উল্লেখ্য, এতদিন ৫৮% ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরাও। সম্প্রতি ২% ডিএ বৃদ্ধি করায় ৬০ শতাংশে পৌঁছে গিয়েছে মহার্ঘ ভাতা। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়।












