হঠাৎই ফেসবুকে ‘এনগেজড’ দেবাংশু! কাকে জীবনসঙ্গী করতে চলেছেন তৃণমূলের এই নেতা?

Published on:

Published on:

TMC's Debangshu Bhattacharya changed his relationship status to engaged

বাংলা হান্ট ডেস্ক : বাংলার রাজনৈতিক মহলে একসময় বেশ দাপটের সঙ্গেই নিজের জায়গা তৈরি করেছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তৃণমূলের তরুণ প্রজন্মের অন্যতম পরিচিত মুখ হিসেবে তাঁর বক্তব্য, সোশাল মিডিয়ার প্রচার এবং রাজনৈতিক স্লোগান নিয়ে বিস্তর আলোচনা হত। কিন্তু রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ছবিটা যেন অনেকটাই বদলে গিয়েছে। রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে প্রকাশ্য মন্তব্য, সবেতেই তাঁর উপস্থিতি আগের তুলনায় কম। সেই নীরবতার মাঝেই এবার একেবারে অন্য কারণে খবরের শিরোনামে উঠে এলেন দেবাংশু।

ব্যক্তিগত জীবনে নয়া মোড় দেবাংশুর (Debangshu Bhattacharya)

একসময় তৃণমূলের হয়ে প্রচারের অন্যতম পরিচিত মুখ ছিলেন দেবাংশু। তাঁর তৈরি ‘খেলা হবে’ স্লোগান রাজ্য রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও পরিচিতি পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের শ্রদ্ধা ও আনুগত্যের কথাও বিভিন্ন সময়ে প্রকাশ্যে জানিয়েছেন তিনি। এমনকি দলনেত্রীকে মায়ের মতো সম্মান করেন বলেও একাধিকবার উল্লেখ করেছেন। তবে দলের সমস্ত সিদ্ধান্তের সঙ্গে যে তাঁর মতের মিল ছিল, এমনটা নয়। বিশেষ করে দল ছেড়ে যাওয়া নেতাদের পুনরায় তৃণমূলে জায়গা দেওয়া নিয়ে একসময় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

TMC's Debangshu Bhattacharya changed his relationship status to engaged

সেই সময় তাঁর বক্তব্য ছিল, ‘বেইমানরা’ যদি আবার দলে ফিরতে চান, তবে প্রয়োজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দরজায় শুয়ে পড়ে তাঁদের আটকাবেন। অথচ বর্তমানে সেই পরিচিত রাজনৈতিক সক্রিয়তা প্রায় চোখেই পড়ে না। ক্ষমতার পালাবদলের পর থেকে দলীয় রাজনীতি নিয়ে তাঁর প্রকাশ্য অবস্থান অনেকটাই সীমিত। কালীঘাটের আশপাশেও আগের মতো দেখা যায় না তাঁকে।

আরও পড়ুন : ফ্রি বাসযাত্রায় কোন নথি দেখাবেন? পরিচয়পত্র নিয়ে ধোঁয়াশায় মহিলারা

ফেসবুকেও রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত কোনও বক্তব্য রাখতে দেখা যাচ্ছে না তাকে। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, আপাতত রাজনীতির মূল স্রোত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এই তরুণ নেতা। তবে ব্যক্তিগত জীবনের খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে। রবিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন দেবাংশু। সেখানে ‘এনগেজড’ লেখা দেখা যাওয়ার পর থেকেই তাঁর অনুরাগী ও পরিচিতদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কমেন্ট বক্সে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। কিন্তু এই ঘোষণার নেপথ্যে থাকা মানুষটি কে, তা নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

উল্লেখ্য, এর আগে যুব তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর সঙ্গে দেবাংশুর ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে নানা কথা শোনা গিয়েছিল। তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে বলেও একসময় গুঞ্জন ছড়ায়। যদিও দুজনের কেউই প্রকাশ্যে সেই খবরের সত্যতা স্বীকার করেননি। ফলে বর্তমান সম্পর্কের ঘোষণার সঙ্গে পুরনো সেই জল্পনার কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক জীবনে কিছুটা আড়ালে চলে যাওয়া দেবাংশু এবার ব্যক্তিগত জীবনের একটি ইঙ্গিতেই আলোচনার কেন্দ্রে।