বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে তৃণমূলের (TMC) অন্দরে ডামাডোল পরিস্থিতি চলছে। ইতিমধ্যেই তিনভাগে ভেঙেছে জোড়াফুল শিবির। এবার শোনা যাচ্ছে, লোকসভার আরও দু’জন সাংসদ শিবির বদল করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ছেড়ে তাঁরা এনসিপিআই-তে যোগদান করতে পারেন বলে রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছে।
তৃণমূলে ফের ভাঙন? | (TMC)
সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূলের এই দুই সাংসদের শিবির বদল নিয়ে এনসিপিআইয়ের একজন নেত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই সূত্রে বিজেপির একজন শীর্ষ নেতার সঙ্গেও তাঁদের একাধিকবার যোগাযোগ হয়েছে বলে খবর। তবে এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি কালীঘাট তৃণমূল।
আরও পড়ুনঃ ছাত্রীরা পাবে ২৫ হাজার টাকা! কন্যারত্ন স্কিমের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি সব জানুন
এদিকে সূত্রের আরও খবর, তৃণমূলের যে দুই সাংসদের শিবির বদলের কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে একজনকে ভোট পরবর্তী সময়ে কালীঘাট তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে। আরেকজনকে সেভাবে প্রকাশ্যে দেখা যায় না।
এদিকে সম্প্রতি তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেছেন, দু’জন সাংসদ কালীঘাট শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন। এই আবহে আবার শোনা যাচ্ছে, কালীঘাট শিবিরের দুই সাংসদ শিবির বদল করতে পারেন। এই জল্পনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, এই দু’জন সাংসদের মধ্যে একজনের সঙ্গে আগেও কথা বলেছিল বিপক্ষ শিবির। সেই সময় এই প্রস্তাবে তিনি রাজি হননি। তবে এবার তিনি নাকি নিজে থেকেই আগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে আরেকজন যে সাংসদকে সেভাবে প্রকাশ্যে দেখা যায় না, তিনিও নাকি নতুন প্রস্তাবে অমত দেননি।
২০২৬ বিধানসভা ভোটের পর তিন টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী নতুন তৃণমূল ও সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদ। এবার শোনা যাচ্ছে, এই ২০ জন সাংসদের তালিকায় আরও দু’জনের নাম জুড়তে পারে। শেষমেষ কী হয় সেদিকেই নজর সকলের।
















