বাংলা হান্ট ডেস্কঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সোমবার কলকাতা সফরে এসেছিলেন অমিত শাহ (Amit Shah)। ঠাসা কর্মসূচির মাঝেও সময় বের করে গতকাল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুম্বাদার হাতে তুলে দেন বিশেষ উপহার।
প্রসেনজিৎকে কী উপহার দিলেন অমিত শাহ? | (Amit Shah)
গতকাল বিকেলে আচমকা প্রসেনজিতের বালিগঞ্জের বাড়ি ‘উৎসবে’ হাজির হন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী। প্রায় ১৫ মিনিট মতো সেখানে ছিলেন তিনি।
আরও পড়ুনঃ গ্রেফতারির ভয়ে আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন! দ্রুত শুনানির আর্জি শুনে কী বলল আদালত?
জানা গিয়েছে, অমিত শাহকে প্রসেনজিতের বাড়ির ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে সম্পূর্ণ ঘরোয়া মেজাজে কথোপকথন ও সৌজন্য বিনিময় হয়। উপহার হিসেবে অভিনেতার হাতে বেশ কিছু বই তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে অন্যতম মোদী সরকারের ১২ বছরের কার্যকাল নিয়ে লেখা বই ‘সবার জন্য বিকাশ, সবার জন্য ঐতিহ্য’।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্টঃ ক্লিক করুন
গতকাল রাতেই ফেসবুকে পোস্ট করে অমিত শাহের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রসেনজিৎ। তিনি লেখেন, “আপনাকে আমার বাড়িতে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি, অমিত শাহজি। আপনার আন্তরিক আগমন এবং আমাকে উপহার হিসেবে দেওয়া বইগুলির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার সঙ্গে কাটানো সময়, আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব। আপনার এই আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।“

অভিনেতার সঙ্গে সাক্ষাতের ছবি নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন অমিত শাহও। সেখানে দেখা যাচ্ছে, প্রসেনজিতের হাতে উপহার তুলে দিচ্ছেন তিনি। পাশে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রসেনজিতের সঙ্গে অমিত শাহের এই সাক্ষাৎকে আগেই ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে জানিয়েছে বিজেপি। তাঁদের মধ্যে সিনেমা ও বই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।













